Nandakumar : নন্দকুমারে বিধ্বংসী অগ্নিকাণ্ড: খলনায়ক সেই ‘কাটিং অয়েল’? - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Nandakumar : নন্দকুমারে বিধ্বংসী অগ্নিকাণ্ড: খলনায়ক সেই ‘কাটিং অয়েল’?

নিউজবাংলা, নন্দকুমার: মঙ্গলবার দুপুর নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল পড়ে গেল নন্দকুমারে। হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের ধারে বাখরাবাদ এলাকায় একটি অবৈধ তেলের গুদামে এই বিধ্বংসী আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যা…

 


নিউজবাংলা, নন্দকুমার: মঙ্গলবার দুপুর নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল পড়ে গেল নন্দকুমারে। হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের ধারে বাখরাবাদ এলাকায় একটি অবৈধ তেলের গুদামে এই বিধ্বংসী আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় সড়কে ভিড় জমান উৎসুক জনতা, যার জেরে যান চলাচলও ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে খবর, বাখরাবাদ এলাকার ওই গুদামটি থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। দাহ্য পদার্থ থাকায় আগুনের তেজ কয়েক গুণ বেড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নন্দকুমার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তমলুক থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছলে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গুদামের ভেতরে থাকা তেলের মজুত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশের ‘নাকের ডগায়’ এই অবৈধ তেলের কারবার বা ‘কাটিং অয়েল’-এর রমরমা চলছিল। অভিযোগের তির সরাসরি প্রশাসনের নজরদারির অভাবের দিকে। স্থানীয়দের দাবি, জাতীয় সড়কে যাতায়াতকারী মালবাহী লরিগুলি এই গুদামের সামনে দাঁড়িয়ে পড়ে। দ্রুত সেই লরি থেকে তেল নামিয়ে গুদামে মজুত করা হয়। পরে সেই তেলের সঙ্গে ভেজাল মিশিয়ে ফের তা বাজারে চড়া দামে বিক্রি করা হয়।

আরও পড়ুন : Nandigram : লক্ষ্মীর ভাণ্ডারে ‘লক্ষ্মীলাভ’, উচ্ছ্বাসে ভাসছে নন্দীগ্রাম, চাপে বিরোধীরা !

গ্রামবাসীদের একাংশের দাবি, এই এলাকাটি কার্যত দুষ্কৃতীদের ডেরায় পরিণত হয়েছিল। অভিযোগ, চোরাই কারবারিদের দাপটে পুলিশও সেখানে পা রাখতে ভয় পেত। এর আগেও এই এলাকায় অভিযান চালানো হয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে সেই চোরাকারবার বন্ধ হয়নি। এ দিনের ঘটনার পর ক্ষুব্ধ এক এলাকাবাসীর কথায়, "এতদিন ধরে এই মরণফাঁদ তৈরি হচ্ছিল, পুলিশ কি কিছুই জানত না? আজ বড়সড় কোনও প্রাণহানিও হতে পারত।"

আগুন লাগার ঘটনার পরেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। পুলিশ জানিয়েছে, গুদামটি সম্পূর্ণ অবৈধ ছিল কি না এবং কীভাবে এই বিপুল পরিমাণ চোরাই তেল সেখানে মজুত করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই ঘটনার পর বাখরাবাদে চোরাই তেলের কারবার স্থায়ীভাবে বন্ধ হবে, নাকি কয়েকদিন পর ফের তা মাথাচাড়া দেবে— এখন সেটাই বড় প্রশ্ন স্থানীয়দের কাছে।

#Nandakumar #FireNews #BreakingNews #PurbaMedinipur #WestBengalNews #NandakumarFire #IndustrialAccident #OilGodownFire #IllegalOilTrade #NationalHighway #MechedaHaldiaHighway #Bakhrabad #FireSafety #PoliceRole #NewzBangla

No comments