Purba Medinipur : পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ইতিহাসে আজ ঐতিহাসিক দিন, কয়েক দশকের তৃণমূলের অবসান-নতুন সভাধিপতি বিজেপির বামদেব ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Purba Medinipur : পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ইতিহাসে আজ ঐতিহাসিক দিন, কয়েক দশকের তৃণমূলের অবসান-নতুন সভাধিপতি বিজেপির বামদেব !

বিশেষ সংবাদদাতা, তমলুক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার পূর্ব মেদিনীপুরেও ঘটল ঐতিহাসিক ক্ষমতার হস্তান্তর। দীর্ঘ কয়েক দশকের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দখল নিল বিজেপি। সোমবার জেলা পরিষদের স…


বিশেষ সংবাদদাতা, তমলুক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার পূর্ব মেদিনীপুরেও ঘটল ঐতিহাসিক ক্ষমতার হস্তান্তর। দীর্ঘ কয়েক দশকের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দখল নিল বিজেপি। সোমবার জেলা পরিষদের সতীশচন্দ্র সামন্ত সভাকক্ষে আয়োজিত সাধারণ সভায় নতুন সভাধিপতি নির্বাচিত হলেন বিজেপির বামদেব গুচ্ছাইত (গুছাইত)। একই সঙ্গে নতুন সহ-সভাধিপতি নির্বাচিত হয়েছেন পূর্ণিমা দাস।

​২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর নৈতিক বিপর্যয়ের দায় নিয়ে সম্প্রতি জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের উত্তমকুমার বারিক। ইস্তফা দেন সহ-সভাধিপতি সুহাসিনী কর-ও। এরপরই সোমবার নতুন বোর্ড গঠনের জন্য সাধারণ সভা ডাকা হয়। সেখানেই ঘটে এই ঐতিহাসিক ক্ষমতার বদল।

​এক নজরে জেলা পরিষদের অংক

  • মোট আসন: ৭০
  • দলীয় বিন্যাস: তৃণমূল ৫৬, বিজেপি ১৪ (২ জন সদস্যের মৃত্যু হওয়ায় বর্তমান আসন সংখ্যা ৬৮)
  • আজকের সভায় উপস্থিতি: ৬৪ জন সদস্য

​সর্বসম্মতিতে পাশ প্রস্তাব

​সোমবারের বিশেষ সাধারণ সভায় নাটকীয়ভাবে কোনো ভোটাভুটি ছাড়াই সর্বসম্মতিতে নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচন সম্পন্ন হয়।

  • ​জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইতের নাম সভাধিপতি পদের জন্য উত্থাপন করেন জয়দেব মিদ্যা। সভায় উপস্থিত সমস্ত সদস্যই এই প্রস্তাব সমর্থন করেন।
  • অন্যদিকে, সহ-সভাধিপতি পদের জন্য পূর্ণিমা দাসের নাম প্রস্তাব করেন বাঁশুরি পণ্ডিত। সেটিও সর্বসম্মতিতে গৃহীত হয়।

​এর পরেই নবনির্বাচিত সভাধিপতি ও সহ-সভাধিপতিকে সভাকক্ষেই উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। জেলা পরিষদের বাইরে তখন গেরুয়া আবির, আতসবাজি আর ঢাক-ঢোলের আওয়াজে বিজয় উৎসবে মাতেন বিজেপি কর্মী-সমর্থকেরা। উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।

"এখন আর ডবল ইঞ্জিন নয়, জেলাজুড়ে এবার চলবে পঞ্চম ইঞ্জিন (কেন্দ্র, রাজ্য, জেলা পরিষদ, সাংসদ এবং বিধায়ক)। এই পঞ্চমুখী শক্তির মেলবন্ধনেই এবার জেলায় প্রকৃত উন্নয়ন থমকে থাকবে না।"

উচ্ছ্বসিত এক বিজেপি কর্মী


​বাম আমল থেকে ২০২৬: এক অধ্যায়ের অবসান

​রাজ্যে বাম শাসনের অবসানের আগে থেকেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ছিল ঘাসফুল শিবিরের শক্ত ঘাঁটি। শুভেন্দু অধিকারীর হাত ধরে এই জেলায় তৃণমূলের যে সাম্রাজ্য গড়ে উঠেছিল, তা পরবর্তীকালে নানা রাজনৈতিক সমীকরণেও অক্ষুণ্ন ছিল। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির সরকার গঠনের পর জেলা স্তরেও তার প্রভাব পড়তে শুরু করে। তৃণমূলের এই একচেটিয়া দুর্গের পতনকে জেলার রাজনৈতিক ইতিহাসে এক বড়সড় টার্নিং পয়েন্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের দিনটি পূর্ব মেদিনীপুরের জন্য দ্বিগুণ তাৎপর্যপূর্ণ। একদিকে যখন নবগঠিত রাজ্য বাজেটে হলদিয়া থেকে নন্দীগ্রামের মধ্যে বহু প্রতীক্ষিত সংযোগকারী সেতু নির্মাণের ঘোষণা হয়েছে এবং কাঁথিতে নতুন মহিলা কলেজসহ জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে; ঠিক সেই মহেন্দ্রক্ষণেই জেলা পরিষদের রাশ গেল শাসকদলের হাতে। ফলে প্রশাসনিক ও নীতিগত স্তরে জেলার উন্নয়ন আরও গতি পাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


No comments