Patna : উত্তরপ্রদেশ-অসমের পর এ বার বিহার ! খাস পটনায় এনকাউন্টারে নিকেশ ৩ দুষ্কৃতী ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Patna : উত্তরপ্রদেশ-অসমের পর এ বার বিহার ! খাস পটনায় এনকাউন্টারে নিকেশ ৩ দুষ্কৃতী !

Newz Bangla, পটনা: উত্তরপ্রদেশ বা অসমের পর এ বার বিহার। ভোরে খাস পটনার বুকে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন খুনের মামলায় অভিযুক্ত তিন জন। দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন এক পুলিশকর্মীও। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নে…

 


Newz Bangla, পটনা: উত্তরপ্রদেশ বা অসমের পর এ বার বিহার। ভোরে খাস পটনার বুকে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন খুনের মামলায় অভিযুক্ত তিন জন। দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন এক পুলিশকর্মীও। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। গত দু’দিন আগেই অসমের গুয়াহাটিতে একটি চাঞ্চল্যকর খুনের মামলার মূল অভিযুক্তের এনকাউন্টারের ঘটনা ঘটেছিল। এ বার সেই একই কায়দায় পটনার এনকাউন্টার ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে পটনা জেলার গঙ্গা তীরবর্তী শেরপুর এলাকার মানের থানা এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটে। পটনা পুলিশের অন্যতম শীর্ষ আধিকারিক কার্তিক কুমার শর্মা জানিয়েছেন, শেরপুরে অপরাধমূলক কাজকর্মের পরিকল্পনা করছে কিছু দুষ্কৃতী— এমন গোপন খবর পেয়েছিল স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং পটনা পুলিশের একটি যৌথ দল। সেই মতো ওই এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের দল নির্দিষ্ট জায়গায় পৌঁছোতেই প্রথমে আক্রমণ চালায় অভিযুক্তেরা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হন মানের থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মী রজনীশ কুমার। তাঁর বাঁ হাতে গুলি লেগেছে। এর পরেই আত্মরক্ষার্থে ও আইন শৃঙ্খলার খাতিরে পাল্টা প্রত্যাঘাত শুরু করে পুলিশ।

৪২ রাউন্ড গুলি বিনিময়

পুলিশের দাবি, দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে তীব্র সংঘর্ষ চলে। অভিযুক্তেরা ২৪ রাউন্ডেরও বেশি গুলি চালায়। পালটা জবাব দেয় পুলিশও। পুলিশ সূত্রে খবর, উভয় পক্ষের মধ্যে মোট ৪২ রাউন্ড গুলি খরচ হয় (পুলিশ ১৮ রাউন্ড এবং দুষ্কৃতীরা ২৪ রাউন্ডের বেশি)।

কিছুক্ষণ পর গুলির শব্দ থিতিয়ে এলে পুলিশ সামনের দিকে এগিয়ে দেখে, তিন অভিযুক্ত গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তৎক্ষণাৎ তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, একটি দেশি বন্দুক এবং বেশ কয়েকটি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

অপরাধের ব্যাকগ্রাউন্ড

পুলিশ জানিয়েছে, নিহত তিন জনই একটি চাঞ্চল্যকর খুনের মামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। দুর্গাষ্টমীর দিন ওই খুনটি সংঘটিত হয়েছিল। সেই মামলার তদন্তে দীর্ঘদিন ধরেই তাদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এ ছাড়াও দানাপুর এবং শাহপুর থানায় এই তিন জনের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা নথিভুক্ত রয়েছে। পুলিশের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, গোটা ঘটনার পরবর্তী আইনি পদক্ষেপ করা হচ্ছে এবং নিয়ম মেনে এনকাউন্টারের পর মৃতদের ময়নাতদন্তের সম্পূর্ণ ভিডিয়োগ্রাফি করা হবে।

কয়েক দিন আগেই গুয়াহাটিতে এনকাউন্টার

উল্লেখ্য, এই ঘটনার মাত্র দু’দিন আগেই, গত ৪ নভেম্বর গুয়াহাটির হোটেল ‘বিলাস ইন’-এ পাঁচ জন খুনের চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈ পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছিল। বুধবার ভোররাত প্রায় ৩টে নাগাদ জেল হেফাজত থেকে শিবসাগরে নিয়ে যাওয়ার পথেই ওই পুলিশি এনকাউন্টারের ঘটনা ঘটেছিল। পরপর এই ধরনের এনকাউন্টারের ঘটনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

#PatnaEncounter #NewzBangla #BreakingNews #BiharPolice #STF #CrimeNews #Patna #Encounter #NewsUpdate

No comments