নিজস্ব সংবাদদাতা, তমলুক: রবিবার ভোটের দামামা বেজেছে। আর ক্যালেন্ডার বলছে, আগামী ২৩ এপ্রিল অগ্নিপরীক্ষা পূর্ব মেদিনীপুরের। রাজ্যের প্রথম দফার ১৫২টি আসনের সঙ্গেই ভোট হতে চলেছে এই জেলার ১৬টি কেন্দ্রে। কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণার চেয়…
নিজস্ব সংবাদদাতা, তমলুক: রবিবার ভোটের দামামা বেজেছে। আর ক্যালেন্ডার বলছে, আগামী ২৩ এপ্রিল অগ্নিপরীক্ষা পূর্ব মেদিনীপুরের। রাজ্যের প্রথম দফার ১৫২টি আসনের সঙ্গেই ভোট হতে চলেছে এই জেলার ১৬টি কেন্দ্রে। কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণার চেয়েও এই মুহূর্তে বড় চর্চা হয়ে দাঁড়িয়েছে জেলার নিরাপত্তা। সৌজন্যে— অতীতে খেজুরি থেকে ভগবানপুর কিংবা ময়না থেকে এগরার সেই রক্তমাখা ইতিহাস।
সোমবার জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিলেন, এবার আর ফাঁক রাখা হচ্ছে না। জেলায় স্বচ্ছ ও অবাধ ভোট করাতে বদ্ধপরিকর প্রশাসন। জেলাশাসকের বক্তব্যের নির্যাস হলো:
- পর্যবেক্ষকদের নজরদারি: প্রতিটি বিধানসভা পিছু এক জন করে অবজারভার বা পর্যবেক্ষক থাকছেন। তাঁরা দ্রুত জেলায় এসে রাজনৈতিক দল ও প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন।
- সীমান্তে কড়াকড়ি: আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা সীমান্তে নাকা চেকিং শুরু হয়েছে। প্রচারের খরচ এবং গতিবিধির ওপর এখন থেকেই নজরদারি চালানো হচ্ছে।
- বুথ ও ভোটার তালিকা: বর্তমানে বিচারাধীন ভোটারদের বাদ রেখেই বুথের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তবে জেলাশাসক আশ্বাস দিয়েছেন, মনোনয়নপত্র জমার শেষ দিনের আগেই ৮০ হাজার বিচারাধীন ভোটারের তালিকা প্রকাশ করা হবে। প্রয়োজনে বাড়ানো হবে অক্সিলারি বুথ।
একুশের নির্বাচনে হাইভোল্টেজ লড়াই দেখেছিল নন্দীগ্রাম। কিন্তু সেই লড়াইয়ের রেশ ভোট মিটতেই বদলে গিয়েছিল শ্মশানের নিস্তব্ধতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র নন্দীগ্রামে ভোট-পরবর্তী হিংসায় বহু ঘরবাড়ি জ্বলেছে, ভাঙচুর হয়েছে শয়ে শয়ে দোকান। সেই ক্ষত এখনও টাটকা। তাই এবার স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি আগেভাগেই শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন।
রাজ্যের প্রথম দফায় অর্থাৎ ২৩ এপ্রিল মেদিনীপুরের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এক নজরে দেখে নিন ভোটের সূচি:
|
বিষয় |
তারিখ |
|---|---|
|
ভোটগ্রহণ (১ম দফা) |
২৩ এপ্রিল, ২০২৬ |
|
মনোনয়ন জমা |
৬ এপ্রিল, ২০২৬ |
|
মনোনয়ন স্ক্রুটিনি |
৭ এপ্রিল, ২০২৬ |
|
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন |
৯ এপ্রিল, ২০২৬ |
পূর্ব মেদিনীপুরের ১৬টি আসন: তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর এবং এগরা।
রাজনীতির কারবারিদের মতে, ২৩ তারিখের এই লড়াই শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, বরং পূর্ব মেদিনীপুরের ‘সন্ত্রাস’ তকমা মোছার লড়াইও বটে। কমিশন কি পারবে রক্তপাতহীন নির্বাচন উপহার দিতে? উত্তর মিলবে এপ্রিলেই।

No comments