Suvendu Adhikary : এই সরকার মার্চ মাসে ডিজাস্টারের মুখে পড়বে দাবী শুভেন্দুর : রাজ্য বাজেটে জনমুখি ঘোষণাকে বললেন 'মিথ্যের ঝুড়ি' ? - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Suvendu Adhikary : এই সরকার মার্চ মাসে ডিজাস্টারের মুখে পড়বে দাবী শুভেন্দুর : রাজ্য বাজেটে জনমুখি ঘোষণাকে বললেন 'মিথ্যের ঝুড়ি' ?

নিউজবাংলা, কলকাতা: রাজ্য বিধানসভায় পেশ হওয়া বাজেটকে কার্যত ‘ভোটের আগে মিথ্যার ঝুড়ি’ বলে দেগে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, এপ্রিল মাস থেকে কোনও প্রতিশ্রুতি কার্যকর (Suvendu Adhikary) করা সম্ভব নয়। কারণ, ফাইন…

 

নিউজবাংলা, কলকাতা: রাজ্য বিধানসভায় পেশ হওয়া বাজেটকে কার্যত ‘ভোটের আগে মিথ্যার ঝুড়ি’ বলে দেগে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, এপ্রিল মাস থেকে কোনও প্রতিশ্রুতি কার্যকর (Suvendu Adhikary) করা সম্ভব নয়। কারণ, ফাইনাল ভোটার লিস্ট বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকে কোনও নতুন নিয়ম লাগু করা যায় না। শুভেন্দুর মতে, এই বাজেট আসলে চার মাসের একটি অন্তর্বর্তী ‘ভোট অন অ্যাকাউন্ট’ ছাড়া আর কিছুই নয়।

সরকারকে নিশানা করে বিরোধী দলনেতার অভিযোগের তির মূলত বেকারত্ব এবং ডিএ ইস্যুতে। তাঁর প্রধান আপত্তির জায়গাগুলি নিচে দেওয়া হলো:

  • যুবশ্রী বনাম যুবসাথী: বাজেটে আগস্ট মাস থেকে ‘যুবশ্রী’ প্রকল্পের নাম বদলে ‘যুবসাথী’ করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। তাঁর অভিযোগ, এই সরকার বেকারদের ভাতা দেওয়ার নামে বছরের পর বছর মিথ্যাচার করেছে।

  • চাকরি ও চুক্তিভিত্তিক কর্মী: শুভেন্দুর দাবি, এই বাজেটে সরকারি চাকরির কোনও দিশা নেই। হবু শিক্ষকদের বা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য কোনও প্রতিশ্রুতি রাখা হয়নি। এমনকি থার্ডপার্টি বা চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের বিষয়েও সরকার সম্পূর্ণ নীরব।

  • ডিএ ও আর্থিক বিপর্যয়: ডিএ প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও সপ্তম বেতন কমিশন লাগু না করে সরকার ষষ্ঠ কমিশন নিয়েই পড়ে আছে। আগামী মাসে সরকারি কর্মচারীদের বকেয়া মেটাতে সরকারকে ১০,৪০০ কোটি টাকা দিতে হবে। বিরোধী দলনেতার ভবিষ্যদ্বাণী— "মার্চ মাসে এই সরকার চরম আর্থিক বিপর্যয়ের (ডিজাস্টার) মুখে পড়বে। যখন ২৫ শতাংশ ডিএ দিতে হবে, তখন সব শেষ হয়ে যাবে।"

আরও পড়ুন : Bengal Budget : বেকারদের জন্য মাসে ১৫০০, ভোটের মুখে মমতার নয়া ‘মাস্টার স্ট্রোক’ !

লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি নিয়েও সুর চড়িয়েছেন শুভেন্দু। তাঁর প্রশ্ন, "তৃণমূল যখন গোয়ায় ভোট লড়তে গিয়েছিল, তখন সেখানে ৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ এই রাজ্যে মাত্র ৫০০ টাকা বাড়ানো হলো কেন?" তাঁর মতে, ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া ছাড়া এই বাজেটে আর কোনও সারবত্তা নেই। এটি স্রেফ একটি ‘মিথ্যার দলিল’।

শুভেন্দুর কটাক্ষ, লোকসভা ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করতেই এই জনমোহিনী বাজেটের অবতারণা করা হয়েছে, যার বাস্তবের সঙ্গে কোনও যোগ নেই।

No comments