Haldia Job : বহিরাগতদের নিয়োগ ঘিরে বিধায়ক তাপসীর বাড়ির সামনে জোরাল বিক্ষোভ, তুঙ্গে হলদিয়ার শিল্প-অসন্তোষ, ২ হেভিওয়েট তৃণমূল নেতা আটক ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Haldia Job : বহিরাগতদের নিয়োগ ঘিরে বিধায়ক তাপসীর বাড়ির সামনে জোরাল বিক্ষোভ, তুঙ্গে হলদিয়ার শিল্প-অসন্তোষ, ২ হেভিওয়েট তৃণমূল নেতা আটক !

দীপক প্রধান, হলদিয়া : শিল্প শহর হলদিয়ায় শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে চলে এল শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল। হলদিয়ার ‘হিন্দুস্থান ইউনিলিভার’ কারখানায় কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে (Haldia Job) শনিবার সন্ধ্যায় স্থানীয় …

 


দীপক প্রধান, হলদিয়া : শিল্প শহর হলদিয়ায় শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে চলে এল শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল। হলদিয়ার ‘হিন্দুস্থান ইউনিলিভার’ কারখানায় কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে (Haldia Job) শনিবার সন্ধ্যায় স্থানীয় বিধায়ক তাপসী মণ্ডলের দুর্গাচকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই একদল কর্মী-সমর্থক। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় শিল্পাঞ্চলে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে।

বিক্ষোভকারীদের মূল অভিযোগ, বিধায়ক তথা আইএনটিটিইউসি (INTTUC) হলদিয়া কোর কমিটির চেয়ারম্যান তাপসী মণ্ডল স্থানীয় কর্মীদের বঞ্চিত করছেন। তাঁদের দাবি, হলদিয়ার একটি কারখানায় স্থানীয় ভূমিপুত্রদের কাজ না দিয়ে টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। এর প্রতিবাদেই এদিন বিধায়কের বাড়ি ঘিরে দীর্ঘক্ষণ স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাঁরা বিধায়কের শাস্তির দাবিও তোলেন।

বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাচক থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে হলদিয়া শহর তৃণমূলের পরিচিত মুখ মিলন মণ্ডলকে আটক করা হয়েছে বলে খবর। তাঁকে এই মুহূর্তে থানায় আটক রাখা হয়েছে, এবং পরিবারের কাউকেই মিলনের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না বলে তাঁর পরিবারের দাবী। 

এরই পাশাপাশি বিধায়িকা ঘনিষ্ঠ শ্যামল মাইতিকেও আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরী দেওয়ার অভিযোগ রয়েছে বলে খবর। যদিও এখনও পর্যন্ত পুলিশের তরফে এই আটকের বিষয়ে কোনও অফিশিয়াল বক্তব্য পাওয়া যায়নি। মিলনের ঘনিষ্ঠ মহলের মতে, কাজ না পেয়ে স্থানীয় যুবকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছেন, এর নেপথ্যে কোনো রাজনৈতিক উস্কানি নেই।

গোটা বিষয়টিকে আমল দিতে নারাজ বিধায়ক তাপসী মণ্ডল। তাঁর পাল্টা দাবি, “কিছু মানুষকে ভুল বুঝিয়ে পরিকল্পনা করে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।” তবে তৃণমূলের অন্দরের ছবিটা ভিন্ন। রাজনৈতিক মহলের মতে, হলদিয়ার শিল্পাঞ্চলে আধিপত্য বিস্তার এবং শ্রমিক সংগঠনের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছে।

একদা বামপন্থী বিধায়ক তাপসী মণ্ডল পরে বিজেপিতে যোগ দেন। বর্তমানে তিনি তৃণমূলে ফিরলেও দলেরই একাংশ তাঁকে মেনে নিতে পারছেন না। বিজেপিতে থাকাকালীনও কারখানার গেটে ‘সমান্তরাল শাসন’ চালানোর অভিযোগে কোণঠাসা হয়েছিলেন তাপসী। তৃণমূলে আসার পর নিয়োগের রাশ পুনরায় তাঁর হাতে যাওয়ায় ক্ষোভ বেড়েছে পুরনো কর্মীদের মধ্যে।

হলদিয়ার মতো স্পর্শকাতর শিল্পাঞ্চলে খোদ শাসকদলের বিধায়কের বাড়ি ঘেরাওয়ের ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই বিক্ষোভ কি শুধুই কর্মসংস্থানের দাবি, নাকি দলের অন্দরে তাপসী মণ্ডলের ক্ষমতা খর্ব করার কৌশল— তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

#Haldia #TMC #PoliticalNews #WestBengalPolitics #AnandabazarStyle #TapasiMondal #TMCIn-fighting #HaldiaIndustry #HaldiaJob #NewzBangla

No comments