Haldia : দুই হেভিওয়েট তৃণমূল নেতার দ্বন্দ্বে তপ্ত হলদিয়া, সমীকরণ বদলে মরিয়া ঘাসফুল শিবির ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Haldia : দুই হেভিওয়েট তৃণমূল নেতার দ্বন্দ্বে তপ্ত হলদিয়া, সমীকরণ বদলে মরিয়া ঘাসফুল শিবির !

দীপক প্রধান, হলদিয়া : বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই ফের উত্তপ্ত শিল্পনগরী হলদিয়া। শাসকদলের (Haldia) অন্দরের দুই প্রভাবশালী নেতা— মিলন মণ্ডল এবং শ্যামল মাইতির অন্তরদ্বন্দ্বকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক ম…

 


দীপক প্রধান, হলদিয়া : বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই ফের উত্তপ্ত শিল্পনগরী হলদিয়া। শাসকদলের (Haldia) অন্দরের দুই প্রভাবশালী নেতা— মিলন মণ্ডল এবং শ্যামল মাইতির অন্তরদ্বন্দ্বকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। একদিকে দীর্ঘদিনের ‘পুরানো সৈনিক’ মিলন, অন্যদিকে বিজেপি ছেড়ে আসা বিধায়ক তাপসী মণ্ডলের ‘ছায়াসঙ্গী’ শ্যামল। এই দুই মেরুর সংঘাতে এখন সরগরম হলদিয়ার রাজনীতি।

ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, হলদিয়ার হিন্দুস্থান লিভার কারখানায় টাকার বিনিময়ে কর্মী নিয়োগ করেছেন শ্যামল মাইতি। এই দুর্নীতির প্রতিবাদে ক্ষুব্ধ কর্মপ্রার্থীরা শনিবার রাতে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখান। তাপসীদেবীর অভিযোগ, এই পুরো বিক্ষোভটি আসলে মিলন মণ্ডলের মস্তিস্কপ্রসূত। তাঁর মদতেই একদল যুবক বিধায়িকার বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ।

এই অভিযোগের ভিত্তিতেই রবিবার দুর্গাচক থানার পুলিশ দিনভর মিলন মণ্ডলকে থানায় বসিয়ে রাখে। অন্যদিকে, চাকরিপ্রার্থীদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে শ্যামল মাইতিকেও। যদিও পুলিশের তরফে এই জোড়া এই নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। তবে রাতেই দুই নেতাকে ছেড়ে দেওয়া হয় বলে খবর।

হলদিয়ার রাজনীতিতে মিলন মণ্ডলের নাম বেশ চর্চিত। এক সময় শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত ছিলেন। কিন্তু রাজনৈতিক পালাবদলের চোরাস্রোতে সেই ঘনিষ্ঠতায় ফাটল ধরে। মাদক মামলায় জেলও খাটতে হয়েছিল মিলনকে। রাজনৈতিক মহলের গুঞ্জন, নিজের রাজনৈতিক গুরু'র বিরোধিতা করার মাশুলই গুনতে হয়েছিল তাঁকে। জেল থেকে ফেরার পর ফের তৃণমূলের পুরানো শিবিরের নেতাদের নিয়ে সংগঠন গুছিয়ে নিচ্ছিলেন মিলন।

অন্য মেরুতে রয়েছেন বর্তমান বিধায়িকা তাপসী মণ্ডল। বাম জমানা থেকে বিজেপি হয়ে সম্প্রতি তিনি যোগ দিয়েছেন তৃণমূলে। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মনোমালিন্যের জেরেই তাঁর এই শিবির বদল বলে মনে করা হয়। আর এই যাত্রাপথে তাঁর সর্বক্ষণের সঙ্গী হিসেবে পরিচিত শ্যামল মাইতি।

আরও পড়ুন : বহিরাগতদের নিয়োগ ঘিরে বিধায়ক তাপসীর বাড়ির সামনে জোরাল বিক্ষোভ, তুঙ্গে হলদিয়ার শিল্প-অসন্তোষ, আটক হেভিওয়েট ২ তৃণমূল নেতা !

সামনে বিধানসভা নির্বাচন। শিল্পাঞ্চলের এই গুরুত্বপূর্ণ আসনটি দখলে রাখতে তৃণমূলের কাছে তাপসী মণ্ডল যেমন গুরুত্বপূর্ণ, তেমনই মিলনের মতো জমি কামড়ে পড়ে থাকা নেতাদের গুরুত্বও অস্বীকার করার উপায় নেই।

দুই নেতার এই কলহ প্রকাশ্যে চলে আসায় রীতিমতো স্থবির হলদিয়ার তৃণমূল শিবির। এখন দেখার, নির্বাচনের আগে এই অভ্যন্তরীণ কোন্দল সামাল দিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ করে।

​#Haldia #PoliticalNews #TMC #HaldiaPolitics #WestBengalPolitics #BreakingNews #AnandabazarStyle #WestBengal #HaldiaNews #Arrested #NewzBangla

No comments