নিজস্ব সংবাদদাতা, তমলুক: আধুনিক প্রযুক্তিকে পড়াশোনার কাজে লাগানোর বদলে এক পরীক্ষার্থী বেছে নিয়েছিল জালিয়াতির পথ। কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে টুকলি করতে গ…
নিজস্ব সংবাদদাতা, তমলুক: আধুনিক প্রযুক্তিকে পড়াশোনার কাজে লাগানোর বদলে এক পরীক্ষার্থী বেছে নিয়েছিল জালিয়াতির পথ। কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে টুকলি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ছাত্র। এই অপরাধে তার পুরো পরীক্ষাটি বাতিল করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে হলদিয়ার বড়ঘাসিপুর হাই স্কুলে। ওই কেন্দ্রে সিট পড়েছিল চকদ্বীপ হাই স্কুলের এক ছাত্রের। কড়া নজরদারি এড়িয়ে সে পায়ের মোজার ভেতর মোবাইল ফোন লুকিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিল। পরীক্ষার হলে বসে মোবাইল ফোনে এআই (AI) প্রযুক্তির সাহায্যে অঙ্কের নির্ভুল উত্তর বের করার চেষ্টা করছিল সে। কিন্তু কর্তব্যরত ইনভিজিলেটরের নজরে বিষয়টি আসতেই সব ফাঁস হয়ে যায়। তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে মোবাইল ফোন ও পরীক্ষার খাতা বাজেয়াপ্ত করা হয়।
"হলদিয়ার একটি পরীক্ষা কেন্দ্রে নিয়ম ভেঙে মোবাইল নিয়ে ঢোকায় এবং অনৈতিক উপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।" -- মধ্যশিক্ষা পর্ষদের পূর্ব মেদিনীপুর জেলার আহ্বায়ক সত্যজিৎ কর।
কাকতালীয়ভাবে, এদিনই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি নন্দকুমারের শ্রীকৃষ্ণপুর হাই স্কুল, ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল এবং শহীদ মাতঙ্গিনী ব্লকের একাধিক বিদ্যালয় পরিদর্শন করেন।
সার্বিক পরীক্ষার মান নিয়ে পর্ষদ সভাপতি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, বিচ্ছিন্ন এই ঘটনা বাদ দিলে বাকি কেন্দ্রগুলোতে পর্ষদের নির্দেশিকা মেনেই সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে। তবে তাঁর পরিদর্শনের দিনেই হলদিয়ার এই ঘটনায় পর্ষদ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
#Madhyamik2026 #WestBengalNews #EducationNews #ExamAlert #HaldiaNews #WBBSE #NewzBangla #AICheating #ArtificialIntelligence #ExamEthics #AcademicIntegrity #TechInEducation #DigitalMalpractice

No comments