জরুরি নির্দেশ: পরীক্ষার্থীদের অন্তত এক ঘণ্টা আগে (সকাল ৯টার মধ্যে) কেন্দ্রে পৌঁছাতে বলা হয়েছে। প্রতিটি বিভাগের পরীক্ষার্থীদের বসার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হবে। নিউজবাংলা, কলকাতা : কড়া নিরাপত্তা আর একগুচ্ছ বিধিনিষেধের ঘেরাটোপে…
নিউজবাংলা, কলকাতা : কড়া নিরাপত্তা আর একগুচ্ছ বিধিনিষেধের ঘেরাটোপে বৃহস্পতিবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক (HSExam2026) পরীক্ষা। এবারও মোট পরীক্ষার্থীর নিরিখে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। সংসদ সূত্রের খবর, সব মিলিয়ে এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। যার মধ্যে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি— প্রায় ৭৯,৩৪৭ জন। রাজ্যের ২৩টি জেলাতেই এবার ছাত্রীরা সংখ্যায় এগিয়ে রয়েছে।
মাধ্যমিক পরীক্ষায় কড়া নজরদারির পরেও কিছু জায়গায় মোবাইল নিয়ে ঢুকে পড়ার অভিযোগ উঠেছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগাম সতর্কতা অবলম্বন করেছে সংসদ। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, মোবাইল তো বটেই, এমনকি কোনও রকমের ঘড়ি নিয়েও পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না।
কী কী আনা নিষিদ্ধ :
- যেকোনো ধরনের ডিজিটাল বা এনালগ ঘড়ি, মোবাইল ও ইলেকট্রনিক গেজেট।
- বই, কাগজ, ব্যাগ ও ব্যক্তিগত সামগ্রী।
- সানগ্লাস বা রঙিন চশমা।
- পরীক্ষার্থীদের শুধু স্বচ্ছ (ট্রান্সপ্যারেন্ট) জ্যামিতি বক্স বা থলি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্রে ইনভিজিলেটরকে হেনস্থা করলে বা নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ করা হবে, প্রয়োজনে বাতিল হতে পারে পরীক্ষা।
এবারে তিনটি ভিন্ন ধরনের পরীক্ষা একই দিনে হওয়ায় সংসদ আলাদা ঘর ও আলাদা রঙের প্রশ্নপত্রের ব্যবস্থা করেছে।
- চতুর্থ সেমেস্টার (মূল পরীক্ষা): সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। (৯টা ৫০ মিনিটে প্রশ্ন বিলি)।
- পুরানো সিলেবাস: সকাল ১০টা থেকে ১টা ১৫ মিনিট।
- সাপ্লিমেন্টারি পরীক্ষা: দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট।
তল্লাশি ও নিয়মপালনের জন্য পরীক্ষার্থীদের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। যাদের পরীক্ষা ১০টায়, তাদের সকাল ৯টার মধ্যে ভেন্যুতে ঢুকে পড়তে হবে।
রাজ্যজুড়ে মোট ৮২২টি মূল কেন্দ্র এবং ২১০৩টি উপ-কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় ৪০ হাজার শিক্ষকের প্রয়োজন। তবে প্রথম দিন মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা থাকায় বাড়তি শিক্ষকের প্রয়োজন হতে পারে।
এই সমস্যা মোকাবিলায় প্রাথমিক স্কুলের শিক্ষকদেরও কাজে লাগানোর চিন্তাভাবনা করছে সংসদ। মঙ্গলবার জেলা কমিটির আহ্বায়কদের সঙ্গে এই বিষয়ে চূড়ান্ত আলোচনার কথা রয়েছে। সংসদ সভাপতির আশ্বাস, "শিক্ষক ঘাটতির কারণে পরীক্ষায় কোনো সমস্যা হবে না।"
#উচ্চমাধ্যমিক২০২৬ #HSExam2026 #WBCHSE #WestBengalNews #EducationUpdate #উচ্চমাধ্যমিক #WBHS #NoMobileInExam #StrictRules #ExamAlert #ছাত্রছাত্রী #পড়াশোনা #NewzBangla

No comments