নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাপ্য টাকা কি স্রেফ রাজনৈতিক পরিচয়ের কারণে আটকে দেওয়া সম্ভব? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধের অভিযোগে এবার এমনই গুরুতর প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পূর্ব মেদিনীপুরের ময়নার কয়েক হাজার মহিলা…
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাপ্য টাকা কি স্রেফ রাজনৈতিক পরিচয়ের কারণে আটকে দেওয়া সম্ভব? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধের অভিযোগে এবার এমনই গুরুতর প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পূর্ব মেদিনীপুরের ময়নার কয়েক হাজার মহিলা। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে ময়নার দু’টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১২ হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গত ৬ মাস ধরে বন্ধ করে রাখা হয়েছে। বুধবার এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
ময়না বিধানসভা এলাকার বিজেপি প্রভাবিত গজিনা ও বাকচা গ্রাম পঞ্চায়েত নিয়ে গত কয়েক বছর ধরেই রাজনীতির পারদ চড়ছিল। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে এই এলাকায় জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী অশোক দিন্ডা। সেই জয়ে বড় ভূমিকা ছিল এই দুই পঞ্চায়েত এলাকার ভোটারদের। বিজেপির দাবি, নির্বাচনে শাসক দলকে পর্যুদস্ত করার ‘অপরাধেই’ এবার সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এলাকার মহিলাদের।
আন্দোলনকারীদের দাবি, ময়নার মোট ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বাকি ৯টিতে টাকা দেওয়া হলেও, বেছে বেছে গজিনা ও বাকচা পঞ্চায়েতের উপভোক্তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘ ৬ মাস ধরে সরকারি সাহায্য না পেয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার মহিলারা। ইতিপূর্বে এই দাবিতে ময়নার বিডিও অফিসে বিক্ষোভও দেখিয়েছিলেন তাঁরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ইস্যুতে সরব হয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন।
এদিন মামলাকারী বিজেপি পঞ্চায়েত সদস্য মিতা মন্ডল সাউ জানান, “আমরা বিজেপি করি বলেই চক্রান্ত করে আমাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বিডিও অফিসে স্মারকলিপি দিয়েও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।” তাঁদের সাফ কথা, সরকারি প্রকল্প কোনও নির্দিষ্ট দলের সম্পত্তি নয়, এটি সাধারণ মানুষের অধিকার।
উল্লেখ্য, বাকচা ও গজিনা এলাকা রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হিসেবেই পরিচিত। বছরভর রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকে এই এলাকায়। এবার সেই রাজনৈতিক লড়াইয়ের আঁচ এসে পড়ল লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পের গায়েও। এখন দেখার, শুক্রবার উচ্চ আদালত এই বিষয়ে কী নির্দেশ দেয়।
#LakshmirBhandar #WestBengalPolitics #MamataBanerjee #BengalWelfare #PurbaMedinipurNews #NewzBangla

No comments