Contai : নোটিশ-আতঙ্কে হৃদরোগে মৃত্যু প্রৌঢ়ার! কাঁথিতে তুঙ্গে রাজনৈতিক তরজা - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Contai : নোটিশ-আতঙ্কে হৃদরোগে মৃত্যু প্রৌঢ়ার! কাঁথিতে তুঙ্গে রাজনৈতিক তরজা

নিউজবাংলা, কাঁথি: কেন্দ্রীয় সংস্থার নোটিশ ঘিরে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। এবার নোটিশের ‘চাপে’ প্রাণ হারানোর অভিযোগ উঠল এক মহিলার। দুই ছেলে ও এক মেয়ের নামে আসা এসআইআর (wbSIR2026) নোটিশের জেরেই কি শেষমেশ হৃদরোগে আক্রান্ত হলেন শাম…

 

নিউজবাংলা, কাঁথি: কেন্দ্রীয় সংস্থার নোটিশ ঘিরে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। এবার নোটিশের ‘চাপে’ প্রাণ হারানোর অভিযোগ উঠল এক মহিলার। দুই ছেলে ও এক মেয়ের নামে আসা এসআইআর (wbSIR2026) নোটিশের জেরেই কি শেষমেশ হৃদরোগে আক্রান্ত হলেন শামসুন বিবি? এই প্রশ্ন ঘিরেই এখন তোলপাড় কাঁথি ২ নম্বর ব্লকের বসন্তীয়া গ্রাম পঞ্চায়েতের মত্তক এলাকা। এই মৃত্যুকে ঘিরে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক যুদ্ধ চরমে পৌঁছেছে।

​পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই শামসুন বিবির দুই ছেলে এবং এক মেয়ের নামে এসআইআর-এর নোটিশ আসে। স্থানীয়দের দাবি, এই নোটিশ পাওয়ার পর থেকেই প্রচণ্ড মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন ওই প্রৌঢ়া। বাড়ির সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়াও প্রায় ছেড়ে দিয়েছিলেন। পরিবারের দাবি, বৃহস্পতিবার এই টেনশন সহ্য করতে না পেরে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় শামসুন বিবির।

​ঘটনা জানাজানি হতেই এলাকায় পৌঁছান তৃণমূল নেতৃত্ব। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা দাপুটে তৃণমূল নেতা তরুণ জানা সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, "ক্ষমতায় আসার লোভে বিজেপি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছে। এসআইআর-এর নামে নোটিশ পাঠিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে। শামসুন বিবির মৃত্যু আসলে একটি পরিকল্পিত হেনস্থার ফল। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।" তিনি আরও জানান যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে অবগত করা হয়েছে এবং তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

​অন্যদিকে, এই মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূল রাজনীতি করছে বলে পাল্টা তোপ দেগেছে গেরুয়া শিবির। বিজেপির জেলা সভাপতি সোমনাথ রায়ের সাফ কথা, "কোথাও কেউ মারা গেলেই তৃণমূল তার মধ্যে রাজনৈতিক ফায়দা খোঁজে। এসআইআর নিয়ে মানুষের মধ্যে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মানুষের মনে ভয় ঢুকিয়ে নির্বাচনে জিততে চাইছে শাসকদল। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এর কড়া জবাব দেবে সাধারণ মানুষই।"

​সন্তানদের নামে নোটিশ আসার পর মায়ের এই আকস্মিক মৃত্যুতে মত্তক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্তের নামে সাধারণ মানুষকে যেন হেনস্থা না করা হয়, এখন সেই দাবিই তুলছেন গ্রামবাসীরা। সব মিলিয়ে, এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ভোটের মুখে কাঁথির রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।


No comments