Newz Bangla, মহিষাদল : আর মাত্র দুটো দিনের অপেক্ষা। তার পরেই ঐতিহ্য ও আবেগের মেলবন্ধনে টান পড়বে মহিষাদলের ঐতিহাসিক রথের রশিতে। ২০২৬ সালের এই মেগা উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কোমর বেঁধে ময়দানে ন…
Newz Bangla, মহিষাদল : আর মাত্র দুটো দিনের অপেক্ষা। তার পরেই ঐতিহ্য ও আবেগের মেলবন্ধনে টান পড়বে মহিষাদলের ঐতিহাসিক রথের রশিতে। ২০২৬ সালের এই মেগা উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রশাসন ও রথযাত্রা কমিটি।
মঙ্গলবার কমিটির পক্ষ থেকে মেলা ও রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৯ দফার একগুচ্ছ কড়া নির্দেশিকা বা গাইডলাইন জারি করা হয়েছে। মেলার প্রতিটি কোণায় নজরদারির জন্য পুরো মেলা প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকাকে আনা হয়েছে সিসিটিভি (CCTV) ক্যামেরার আওতায়।
এ বছর মহিষাদল রথযাত্রায় যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। মহিষাদল থানার বিশেষ উদ্যোগে পুণ্যার্থী ও দর্শনার্থীদের সুবিধার্থে প্রথমবার চালু করা হয়েছে একাধিক ডেডিকেটেড হেল্পলাইন নম্বর। একই সাথে মেলা প্রাঙ্গণে পথ হারিয়ে ফেলা রুখতে এবং নির্বিঘ্নে যাতায়াতের জন্য প্রকাশ করা হয়েছে ডিজিটাল 'গাইড ম্যাপ'।
সাধারণ মানুষ তাঁদের স্মার্টফোনের গুগল ক্যামেরা দিয়ে নির্দিষ্ট বারকোড বা কিউআর কোড (QR Code) স্ক্যান করলেই মেলার রুট ও অবস্থান নিখুঁতভাবে দেখতে পাবেন।
নির্দেশাবলীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ (কি করবেন ও কি করবেন না):
- ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ: অতিরিক্ত ভিড়ের চাপ হলে একপাশে সরে গিয়ে দাঁড়িয়ে থাকুন। রথ টানার সময় পুণ্যার্থীদের, বিশেষ করে মহিলাদের রথের কাছে ধরার সুযোগ করে দিয়ে সুষ্ঠুভাবে রথ টানায় সাহায্য করুন।
- অপরাধমূলক কাজ প্রতিরোধ: পকেটমার ও ছিনতাইকারীদের উপদ্বব থেকে সতর্ক থাকুন। মেলা চত্বরে সাট্টা বা জুয়া খেলা হতে দেখলে অবিলম্বে প্রশাসনকে জানান।
- নিরাপত্তা ও সতর্কতা: মেলা প্রাঙ্গণে গ্যাস বেলুন বিক্রি করা কঠোরভাবে নিষিদ্ধ। কোনো লাওয়ারিশ সন্দেহজনক জিনিস (মোবাইল, ব্যাগ, খেলনা ইত্যাদি) পড়ে থাকতে দেখলে নিজে হাত না দিয়ে প্রশাসনকে খবর দিন, হাত দিলে বিস্ফোরণ হতে পারে।
- যানবাহন চলাচল নিয়ন্ত্রণ: রথ ও ফেরত রথের দিন দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহিষাদল শহরের বিভিন্ন রাস্তায় টোটো, সাইকেল, মোটরবাইক, ভ্যান-রিকশা ও চার চাকার গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
- খাদ্য ও বন্যপ্রাণী সুরক্ষা: খাবারের দোকানে জলে হ্যালোজেন ট্যাবলেট দেওয়া বাধ্যতামূলক এবং বাসি বা নষ্ট খাবার বিক্রি নিষিদ্ধ। খাঁচায় পোষা বিদেশী পাখি ও পায়রা ছাড়া বন্যদপ্তর কর্তৃক নিষিদ্ধ কোনো পাখি ও প্রাণী কেনাবেচা করা যাবে না।
- পরিবেশ ও বিদ্যুৎ সচেতনতা: প্লাস্টিক, ক্যারি ব্যাগ এবং প্লাস্টিকের কাপ ব্যবহার সম্পূর্ণ বন্ধ রেখে পরিবেশ রক্ষা করুন। লিকেজ তারে পাখা বা লাইট চালাবেন না এবং সেফটিপিন দিয়ে লাইনে সংযোগ করবেন না।
- জরুরি সুরক্ষাবিধি: প্রত্যেক দোকানে দুটি বালতি ভর্তি জল রাখা বাধ্যতামূলক এবং মেলা শেষে প্রত্যেক দোকানদারকে নিজ দায়িত্বে ব্যবহৃত প্লাস্টিক ও আবর্জনা সরিয়ে নিতে হবে।
জরুরি বিভাগ ও হেল্পলাইন নম্বরসমূহ:
যেকোনো প্রয়োজনে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যোগাযোগের জন্য নিচে দেওয়া হেল্পলাইন নম্বরগুলি ব্যবহার করা যাবে:
- জরুরী বিভাগ: 7583943100
- সাংস্কৃতিক বিভাগ: 7908393615 / 9735399520
- মেডিক্যাল বিভাগ: 9002843945 / 9933678222
- স্টল বিভাগ: 9126177578 / 9635233003
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ, স্থানীয় পঞ্চায়েত সমিতি ও মহিষাদল থানার যৌথ উদ্যোগে ও কৃতজ্ঞতা স্বীকারে এই উৎসবের প্রস্তুতি এখন তুঙ্গে।

No comments