Newz Bangla : নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় কড়া অবস্থান নিল আদালত। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নিখুঁত তদন্ত ও জোরালো আইনি লড়াইয়ের ওপর ভিত্তি করে এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তমলুকের এক্সক্লুসিভ পকসো (POCS…
Newz Bangla : নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় কড়া অবস্থান নিল আদালত। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নিখুঁত তদন্ত ও জোরালো আইনি লড়াইয়ের ওপর ভিত্তি করে এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তমলুকের এক্সক্লুসিভ পকসো (POCSO) কোর্ট। সাজাপ্রাপ্ত অভিযুক্তের নাম নন্দন তুমকি।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ১২ নভেম্বর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দকুমার থানার রাজরামপুর গ্রামের বাসিন্দা ওই নাবালিকার বয়স ছিল মাত্র ১১ বছর। সেদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ সে প্রতিবেশী নন্দন তুমকির বাড়িতে থাকাকালীন যৌন নির্যাতনের শিকার হয়। নাবালিকার মা ঘটনা জানতে পেরে দ্রুত সেখানে পৌঁছালে অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দেয়।
পরদিনই, অর্থাৎ ১৩ নভেম্বর ২০২৩ তারিখে নন্দকুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতি তার মা। অভিযোগ পাওয়ার পরপরই অত্যন্ত গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করে নন্দকুমার থানার পুলিশ। প্রথম তদন্তকারী আধিকারিক সাব-ইন্সপেক্টর অমিত প্রামাণিক মামলার প্রাথমিক কাজ শুরু করেন। পরবর্তীতে দ্বিতীয় তদন্তকারী আধিকারিক সাব-ইন্সপেক্টর দেবাশিস বাগ তদন্তভার হাতে নিয়ে অত্যন্ত পেশাদারিত্ব ও বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তদন্ত প্রক্রিয়া শেষ করেন এবং আদালতে চার্জশিট পেশ করেন।
মামলার বিচার চলাকালীন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অস্মিতা দাস খানরা আদালতে অত্যন্ত শক্ত হাতে যুক্তি ও প্রমাণ উপস্থাপন করেন।
অবশেষে তমলুক এক্সক্লুসিভ পকসো কোর্ট সমস্ত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে নন্দন তুমকিকে দোষী সাব্যস্ত করে। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা প্রদান করে। পাশাপাশি, নির্যাতিতা নাবালিকার ভবিষ্যৎ সুরক্ষা ও পুনর্বাসনের কথা মাথায় রেখে 'ভিকটিম কমপেনসেশন স্কিম'-এর অধীনে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের দ্রুত ও সফল তদন্ত এবং আদালতের এই কঠোর রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

No comments