Newz Bangla, কলকাতা : অবসর গ্রহণের তিন মাস আগে থেকেই নির্দিষ্ট পদে নতুন নিয়োগের আইনি প্রক্রিয়া শুরু করে দিতে হবে— এমনই তাৎপর্যপূর্ণ নির্দেশিকা জারি করল মুখ্যসচিবের দফতর। নবান্ন সূত্রের খবর, কোনো আধিকারিকের অবসরের পর পদে মেয়াদবৃদ্…
Newz Bangla, কলকাতা : অবসর গ্রহণের তিন মাস আগে থেকেই নির্দিষ্ট পদে নতুন নিয়োগের আইনি প্রক্রিয়া শুরু করে দিতে হবে— এমনই তাৎপর্যপূর্ণ নির্দেশিকা জারি করল মুখ্যসচিবের দফতর। নবান্ন সূত্রের খবর, কোনো আধিকারিকের অবসরের পর পদে মেয়াদবৃদ্ধিকে স্থায়ী রেওয়াজ বানিয়ে ফেলা অনুচিত। এতে নতুনদের সুযোগ আটকে যায় এবং বিভাগীয় পদোন্নতিও ব্যাহত হয়। তাই প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতেই অবসরের আগেই সেই পদ পূরণের পদক্ষেপে জোর দিয়েছে রাজ্য।
এর পাশাপাশি, রাজ্য পুলিশের আমূল খোলনলচে বদলে ফেলতে বড়সড় নিয়োগের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট আলোচনায় তিনি জানান, রাজ্যে পুলিশে অনুমোদিত ১ লক্ষ ২১ হাজার ৩৪৪টি পদের মধ্যে এই মুহূর্তে শূন্যপদ রয়েছে ৪৩ হাজার ৭৩টি। খুব শীঘ্রই এই পরিস্থিতির পরিবর্তন ঘটতে চলেছে বলে আশ্বস্ত করেন তিনি।
রাজ্যের পুলিশি ব্যবস্থার বর্তমান দশার জন্য প্রাক্তন সরকারকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিগত আমলে না হয়েছে পুলিশের আধুনিকীকরণ, না পূরণ হয়েছে শূন্যপদ। এমনকি অপরাধীদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রেও পূর্বতন সরকারের সদিচ্ছার অভাব ছিল বলে সরব হন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “মডার্ন পুলিশ সিস্টেম কলকাতা পুলিশের কিছুটা থাকলেও বাকি রাজ্যের চিত্রটা একেবারেই আলাদা। দাঁড়িয়ে করাবেন কী করে? সবই শূন্য। তবে রাজ্যবাসী দেখবেন, পুলিশকেও উন্নত করব আমরা। পুজোর আগেই মাঠে নামবেন ১৬ হাজার নতুন কনস্টেবল। এছাড়া আরও ২০ হাজার নিয়োগের প্রক্রিয়া চলবে।”
কেন নিয়োগের এত প্রয়োজন, তারও গাণিতিক ব্যাখ্যা তুলে ধরেন তিনি। শুভেন্দুবাবুর বক্তব্য, দেশে যেখানে প্রতি লক্ষ জনসংখ্যায় গড়ে ১৫৫ জন পুলিশকর্মী থাকেন, সেখানে পশ্চিমবঙ্গে সেই অনুপাত মাত্র ১০৬। আগের সরকার স্থায়ী নিয়োগ না করে নিজেদের রাজনৈতিক স্বার্থে প্রশিক্ষণহীন সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কাজ চালিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।
মহিলা সুরক্ষায় পুলিশকে আরও কড়া হওয়ার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মহিলাদের ওপর কোনো নির্যাতন বা অপরাধ ঘটলে কারো নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। আইন অনুযায়ী যা করার তা-ই করবেন। আপনাদের ঢাল হয়ে রক্ষা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।” একই সঙ্গে তিনি দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ফাইল ‘চেপে রাখায়’ আর জি কর-কাণ্ডের মতো একাধিক গুরুতর বিষয়ে দোষীদের যথাসময়ে শাস্তি হয়নি।
প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে একাধিক নতুন পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী:
- ১১২ হেল্পলাইন: সাধারণ মানুষের সুরক্ষায় মহালয়া থেকেই নতুন হেল্পলাইন নাম্বার চালু হচ্ছে।
- দুর্নীতি দমন: রাস্তায় কোনো পুলিশ বা সরকারি আধিকারিক ঘুষ চাইলে সরাসরি ছবি উঠে যাবে ভবানী ভবনে বসে থাকা শীর্ষ ডিজি-র স্ক্রিনে। এ ছাড়াও ঘুষ সংক্রান্ত অভিযোগের জন্য আলাদা হেল্পলাইন চালু হচ্ছে।
- গাড়ি বদল: পুলিশের মেয়াদ উত্তীর্ণ পুরনো গাড়ির বদলে আনা হবে নতুন যান।
দীর্ঘদিন পর বিধানসভায় ‘গিলোটিন’ এড়িয়ে পুলিশ বাজেটের ওপর বিষদ আলোচনা হয়। রাজনৈতিক মহলের মতে, অবসরের তিন মাস আগেই পদ পূরণের সিদ্ধান্ত এবং বিশাল পুলিশ বাহিনী তৈরির এই উদ্যোগ রাজ্য প্রশাসনের কাজের গতি ও পেশাদারিত্ব ফেরাতে অত্যন্ত বড় পদক্ষেপ হতে চলেছে।
- #WestBengalPolice
- #PoliceRecruitment
- #KolkataPolice
- #PoliceJob #WBGovernment
- #NabannaUpdate
- #JobAlertWB
- #WestBengalJobs
- #RecruitmentDrive

No comments