নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উচ্চ মাধ্যমিকের অংক পরীক্ষায় বড়সড় বিপত্তি। একটি বা দুটি নয়, তিন-তিনটি প্রশ্ন এসেছে সিলেবাসের বাইরে থেকে। পরীক্ষা শেষ হওয়ার পরেই এ নিয়ে শোরগোল শুরু হয় পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। পরিস্থিতি বেগতিক দেখে …
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উচ্চ মাধ্যমিকের অংক পরীক্ষায় বড়সড় বিপত্তি। একটি বা দুটি নয়, তিন-তিনটি প্রশ্ন এসেছে সিলেবাসের বাইরে থেকে। পরীক্ষা শেষ হওয়ার পরেই এ নিয়ে শোরগোল শুরু হয় পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি আসরে নামে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ওই তিনটি প্রশ্নের জন্য বরাদ্দ পূর্ণ মান অর্থাৎ মোট ১০ নম্বর পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার গণিত পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়েই মাথায় আকাশ ভেঙে পড়ে পরীক্ষার্থীদের। অভিযোগ ওঠে, প্রশ্নপত্রের 2B (২ নম্বর), 11b (৪ নম্বর) এবং 11C (৪ নম্বর)— এই তিনটি প্রশ্ন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় ১০ নম্বরই ছিল সিলেবাসের বাইরে। শুধু তাই নয়, প্রশ্নপত্রের বাকি অংশও অহেতুক কঠিন এবং সময়সাপেক্ষ ছিল বলে দাবি ছাত্রছাত্রীদের।
পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়েই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, একদিকে নতুন সেমিস্টার পদ্ধতির প্রবর্তন নিয়ে চাপ, অন্যদিকে সিলেবাস শেষ করার পর্যাপ্ত সময় না মেলা— সব মিলিয়ে এমনিতেই পরীক্ষার্থীরা চাপে ছিল। তার ওপর এই ধরণের ‘ভুল’ প্রশ্ন মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
তবে সবাই এই বাড়তি নম্বর পাবে না। এই ১০ নম্বর পেতে হলে কিছু শর্ত চাপানো হয়েছে।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, সংসদ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। তিনি বলেন:
"যেসব পরীক্ষার্থী ওই নির্দিষ্ট তিনটি প্রশ্ন উত্তর করার চেষ্টা করেছে, তাদের সকলকেই পূর্ণ ১০ নম্বর দিয়ে দেওয়া হবে।"
তবে যদি কেউ উত্তর করার চেষ্টাও না করে থাকে, তবে সে ক্ষেত্রে নম্বর মিলবে কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও সূত্রের খবর, পড়ুয়াদের স্বার্থে সংসদ বিষয়টি শিথিল করতে পারে।
শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অনিমেষ হালদার জানান, ১২ নম্বর দাগের ইন্টিগ্রেশনের অঙ্কগুলিও ছিল অত্যন্ত কঠিন। মাত্র ১২-১৫ দিন আগে মডেল প্রশ্ন আসা এবং টেস্ট পরীক্ষা না দিতে পারার ফলে ছাত্রছাত্রীরা দিশেহারা। অভিযোগ উঠেছে, প্রশ্নকর্তারা পড়ুয়াদের কথা মাথায় না রেখেই প্রশ্ন সেট করেছেন। ২৫ শতাংশ প্রশ্ন সিলেবাসের বাইরে বা কঠিন হওয়ায় প্রশ্নকর্তাদের নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক শিক্ষা বিশেষজ্ঞ।
এদিন অংক পরীক্ষার পাশাপাশি সাইকোলজি, অ্যাগ্রোনমি, অ্যানথ্রোপলজি এবং হিস্ট্রি পরীক্ষাও ছিল। কঠোর নজরদারির মধ্যেও যদুবপুর এবং নদীয়ার ইসলামগঞ্জ হাইমাদ্রাসা থেকে মোবাইল-সহ ধরা পড়েছে দুই পরীক্ষার্থী। সংসদ ইতিমধ্যেই তাদের এ বছরের পরীক্ষা বাতিল করেছে। পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ও ইলেকট্রনিক গ্যাজেট রুখতে সংসদ যে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে, তা এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে।
#HSExam2026 #MathsPaperOutofSyllabus #WestBengalEducation #WBCHSE #উচ্চমাধ্যমিক২০২৬ #অংকপরীক্ষা #NewzBangla

No comments