Nandigram : শুভেন্দুর গড়ে ফের সিঁদ কাটল ঘাসফুল? আজ নন্দীগ্রামে বড়সড় ভাঙনের ইঙ্গিত ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Nandigram : শুভেন্দুর গড়ে ফের সিঁদ কাটল ঘাসফুল? আজ নন্দীগ্রামে বড়সড় ভাঙনের ইঙ্গিত !

নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম: ভোটের দামামা বাজতেই পূর্ব মেদিনীপুরে শুরু হয়ে গেল দলবদলের খেলা। ময়নার পর এবার সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘গড়’ বলে পরিচিত নন্দীগ্রামে গেরুয়া শিবিরে বড়সড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। তৃ…


নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম:
ভোটের দামামা বাজতেই পূর্ব মেদিনীপুরে শুরু হয়ে গেল দলবদলের খেলা। ময়নার পর এবার সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘গড়’ বলে পরিচিত নন্দীগ্রামে গেরুয়া শিবিরে বড়সড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। তৃণমূলের দাবি সত্য হলে, আজ শুক্রবার বিকেলেই বিজেপির শক্ত ঘাঁটিতে থাবা বসাতে চলেছে শাসকদল।

রাজনৈতিক মহলে গুঞ্জন, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বেশ কয়েকজন দাপুটে বিজেপি নেতা অনুগামীদের নিয়ে ঘাসফুল শিবিরে নাম লেখাতে চলেছেন। শুক্রবার বিকেলেই একটি প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে এই দলবদল হওয়ার কথা। তৃণমূলের অন্দরের খবর, বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই জেলায় সাংগঠনিকভাবে বিজেপিকে পঙ্গু করে দেওয়াই তাদের লক্ষ্য। বিশেষ করে নন্দীগ্রামের মাটিতে বিজেপির রক্তক্ষরণ ঘটাতে পারলে, তা যে মনস্তাত্ত্বিক লড়াইয়ে অনেকটা এগিয়ে দেবে, তা মানছেন রাজনীতির কারবারিরাও।

জেলায় ভাঙন ধরানোর এই খেলা অবশ্য নতুন নয়। কয়েক দিন আগেই ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডার খাসতালুক থেকে চন্দন মণ্ডলকে নিজেদের শিবিরে টেনে বড় চমক দিয়েছিল তৃণমূল। পাল্টা জবাবে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দোলুইকে গেরুয়া পতাকা ধরিয়ে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, "ময়নায় তৃণমূল সাফ হয়ে যাবে।" এর রেশ কাটতে না কাটতেই কার্শিয়াং-এর বিজেপি বিধায়কের দলবদল এবং এবার খোদ নন্দীগ্রামে ভাঙনের খবর পদ্ম শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

তৃণমূল সূত্রের দাবি, জেলার ১৬টি আসনেই এবার তারা ‘মাটি কামড়ে’ লড়াই করতে প্রস্তুত। ঘর গোছানোর কাজ তাই আগেভাগেই সেরে রাখতে চাইছে তারা। অন্যদিকে, নিজের গড়ে এই ভাঙনের জল্পনাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী। তাঁর সংক্ষিপ্ত অথচ কড়া প্রতিক্রিয়া, "এই জেলার সবকটি আসন বিপুল ভোটেই বিজেপি পাবে।"

এখন দেখার, শুক্রবার বিকেলে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে সত্যিই গেরুয়া শিবিরে বড় কোনও ধস নামে কি না। বিকেলের দিকেই পরিষ্কার হবে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নিচ্ছে।

#Nandigram #EastMidnapore #WestBengalPolitics #TMC #BJP #SuvenduAdhikari #BreakingNews #BengalElection #দলবদল #নন্দীগ্রাম #তৃণমূল #বিজেপি #NewzBangla

No comments