দীপক প্রধান, হলদিয়া: একেবারে পড়ন্ত বিকেলে রণক্ষেত্রের চেহারা নিল শিল্পশহর হলদিয়ার সিটি সেন্টার সংলগ্ন এলাকা। হলদিয়া-ব্রজলাল চক থেকে সিটি সেন্টারের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেল ট্যাঙ্কার ঢুকে পড়ল রাস্তার ধারের একের…
স্থানীয় সূত্রে খবর, ব্রজলাল চকের দিক থেকে আসা ঘাতক ট্যাঙ্কটি তালপুকুর বাসস্ট্যান্ডের কাছে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে থাকা যানটি প্রথমে রাস্তার ধারে থাকা একটি মাংসের দোকানে ধাক্কা মারে। এরপর পর্যায়ক্রমে একটি সবজি দোকান এবং একটি মিষ্টির দোকানের একাংশ গুঁড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে যায়।
মিষ্টির দোকান ও সবজি বাজারে সেই সময় ভিড় থাকায় সাধারণ মানুষ পালানোর সুযোগটুকুও পাননি। মুহূর্তের মধ্যে এলাকা আর্তনাদে ভরে ওঠে। ঘাতক ট্যাঙ্কারটির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়েছে একটি বাইকও। জানা গিয়েছে, আহতদের মধ্যে একজন বাইক আরোহী এবং একজন বিহারের বাসিন্দা রয়েছেন। বাকিরা সকলেই স্থানীয় বাসিন্দা।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। পুলিশ পৌঁছানোর আগেই ২০ জন জখম ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক ছিল যে, প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে তমলুক জেলা হাসপাতাল এবং কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক।
"বিকেলের দিকে দোকানে বেশ ভিড় ছিল। চোখের পলকে ট্যাঙ্কারটি দোকানের ভেতর ঢুকে এল। চারদিকে শুধু রক্ত আর ধ্বংসস্তূপ। মানুষগুলোকে যেভাবে উদ্ধার করতে হয়েছে, তা ভাবলে শিউরে উঠতে হয়," — আতঙ্কিত এক প্রত্যক্ষদর্শী।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘাতক ট্যাঙ্কটিকে আটক করেছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতা, কী কারণে এই বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হলদিয়া থানার পুলিশ।
No comments