নিউজবাংলা, মহিষাদল: শিয়রে নির্বাচন। তার ঠিক আগেই দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় খুশির হাওয়া মহিষাদল ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বৃহস্পতিবার মহিষাদল (Mahishadal) ব্লকের নাটশাল-১ ও নাটশাল-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ২ কিলোমিটার রাস্ত…
নিউজবাংলা, মহিষাদল: শিয়রে নির্বাচন। তার ঠিক আগেই দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় খুশির হাওয়া মহিষাদল ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বৃহস্পতিবার মহিষাদল (Mahishadal) ব্লকের নাটশাল-১ ও নাটশাল-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ২ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজের আনুষ্ঠানিক সূচনা হলো। ‘পথশ্রী-৪’ প্রকল্পের অধীনে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মিত হতে চলেছে।
স্থানীয় সূত্রে খবর, নাটশাল এলাকার অন্তত পাঁচটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। বিশেষ করে বর্ষাকালে কাদা ঠেলে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে পড়ত। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা প্রশাসন— সর্বত্রই দরবার করেছিলেন গ্রামবাসীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। এদিন পাহালানপুর থেকে তালতলা এবং পূর্ব শ্রীরামপুর থেকে কুম্ভচক পর্যন্ত দুই গ্রাম পঞ্চায়েত এলাকার সংযোগকারী রাস্তার শিলান্যাস করা হয়।
এদিন রাস্তা সংস্কারের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: তিলককুমার চক্রবর্তী: বিধায়ক, মহিষাদল।বরুণাশীষ সরকার: বিডিও, মহিষাদল। শিউলি দাস: সভাপতি, মহিষাদল পঞ্চায়েত সমিতি। মানস পন্ডা: জেলা পরিষদের সমবায় কর্মাধ্যক্ষ। সীমা মাইতি ও পূর্ণেন্দু জানা: জেলা পরিষদ সদস্য।
উদ্বোধনী মঞ্চ থেকে মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবেন। মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ। এলাকার সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”
অন্যদিকে, মহিষাদলের বিডিও বরুণাশীষ সরকার জানান, উন্নয়নের কাজ করতে গিয়ে অনেক সময় জায়গাসংক্রান্ত কিছু সমস্যা দেখা দিচ্ছে। তিনি বলেন, “উন্নয়নের স্বার্থে জনসাধারণের এগিয়ে আসা প্রয়োজন। গ্রামবাসী সহযোগিতা করলে আগামী দিনে আরও বেশি প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই রাস্তাটি তৈরির বরাত পেয়েছেন ঠিকাদার স্বরূপ দাস অধিকারী। দ্রুত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যাতে নির্বাচনের আগেই এলাকার কয়েক হাজার মানুষ এই মসৃণ যাতায়াতের সুবিধা ভোগ করতে পারেন।

No comments