Bhagabanpur : লগ্নজিতা-কাণ্ডে 'গাফিলতি'র মাশুল? ভগবানপুর থানার ওসি বদলি, পুলিশের রুটিন সাফাইয়ের আড়ালে কি শাস্তির খাঁড়া? - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Bhagabanpur : লগ্নজিতা-কাণ্ডে 'গাফিলতি'র মাশুল? ভগবানপুর থানার ওসি বদলি, পুলিশের রুটিন সাফাইয়ের আড়ালে কি শাস্তির খাঁড়া?

নিউজবাংলা, ভগবানপুর: শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর টালবাহানার পর অবশেষে বড়সড় রদবদল করা হলো ভগবানপুর (Bhagabanpur) থানায়। সরিয়ে দেওয়া হলো বিতর্কিত ওসি শাহেনশা হক-কে। তাঁর জায়গায় ভগবানপুর থান…

 


নিউজবাংলা, ভগবানপুর: শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর টালবাহানার পর অবশেষে বড়সড় রদবদল করা হলো ভগবানপুর (Bhagabanpur) থানায়। সরিয়ে দেওয়া হলো বিতর্কিত ওসি শাহেনশা হক-কে। তাঁর জায়গায় ভগবানপুর থানার নতুন দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে প্রলয় কুমার চন্দকে।

শাহেনশাকে নন্দীগ্রাম থানায় বদলি করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও জেলা পুলিশের তরফে বিষয়টিকে ‘রুটিন বদলি’ বলে দাবি করা হলেও, ওয়াকিবহাল মহলের মতে, লগ্নজিতা-কাণ্ডে পুলিশের গাফিলতির জেরেই এই পদক্ষেপ।

উল্লেখ্য, ২০২৫-এর ডিসেম্বরের শেষে ভগবানপুরের একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রথিতযশা সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। সেখানে ‘দেবী চৌধুরাণী’ ছবির জনপ্রিয় ‘জাগো মা’ গানটি গাওয়ার পরেই পরিস্থিতির অবনতি হয়। অভিযোগ, স্কুলের মালিক মেহবুব মল্লিক মঞ্চে উঠে শিল্পীকে ‘সেকুলার’ গান গাওয়ার নিদান দেন। লগ্নজিতার দাবি, তাঁকে অশালীন গালিগালাজ করার পাশাপাশি গায়ে হাত তোলারও চেষ্টা করেন মেহবুব। এই ঘটনায় সঙ্গীত মহলে তীব্র নিন্দার ঝড় ওঠে।
বিতর্কের কেন্দ্রে ছিল ভগবানপুর থানার ভূমিকাও। অভিযোগ ওঠে, লগ্নজিতা ওই রাতে থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। এমনকি এক জন নামী শিল্পীর প্রকাশ্য অনুষ্ঠানে কেন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল না, তা নিয়েও প্রশ্ন ওঠে। ওসির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল জেলা পুলিশ। রবিবারের এই রদবদল সেই অসন্তোষেরই পরিণতি কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলায়।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে অবশ্য বিতর্কের আঁচ গায়ে মাখতে নারাজ। তাঁর বক্তব্য, “বছরের বিভিন্ন সময়ে পুলিশের রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি রুটিন বদলি ছাড়া আর কিছুই নয়। অন্য কোনও ঘটনার সঙ্গে এর যোগসূত্র খোঁজা বৃথা।”

​তবে পুলিশের এই সাফাই মানতে নারাজ স্থানীয়দের একাংশ। তাঁদের মতে, শিল্পী হেনস্থার ঘটনায় পুলিশের ঢিলেমি যে শীর্ষ মহলে ভালো প্রভাব ফেলেনি, ওসির বদলিই তার বড় প্রমাণ। এখন নতুন ওসির অধীনে ভগবানপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে, সেটাই দেখার।


No comments