Contai : খাস কাঁথিতে অভিষেকের ‘মাস্টারস্ট্রোক’ | বুদ্ধিজীবীদের মন জয়ে ময়দানে তৃণমূলের হেভিওয়েটরা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Contai : খাস কাঁথিতে অভিষেকের ‘মাস্টারস্ট্রোক’ | বুদ্ধিজীবীদের মন জয়ে ময়দানে তৃণমূলের হেভিওয়েটরা !

নিউজবাংলা, কাঁথি :ভোটের অঙ্কে কাঁথি হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু লড়াইয়ের ময়দান যে তৃণমূল এক ইঞ্চিও ছাড়বে না, তা স্পষ্ট হয়ে গেল। শুভেন্দু অধিকারীর খাসতালুক হিসেবে পরিচিত কাঁথি শহরে ঝোড়ো মেজাজে শুরু হলো ‘বাংলার সমর্থনে সংযোগ’ কর্মসূচ…

 


নিউজবাংলা, কাঁথি : ভোটের অঙ্কে কাঁথি হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু লড়াইয়ের ময়দান যে তৃণমূল এক ইঞ্চিও ছাড়বে না, তা স্পষ্ট হয়ে গেল। শুভেন্দু অধিকারীর খাসতালুক হিসেবে পরিচিত কাঁথি শহরে ঝোড়ো মেজাজে শুরু হলো ‘বাংলার সমর্থনে সংযোগ’ কর্মসূচি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেলে ভর করে এদিন আক্ষরিক অর্থেই ‘অধিকারী গড়’ কাঁপালেন তৃণমূলের মেজো-সেজো নেতারা।

গত বিধানসভা ও লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরে বিজেপির দাপট বাড়লেও, তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কৌশল বদলেছেন। নন্দীগ্রামে স্বাস্থ্য পরিষেবা দিয়ে কামড় বসানোর পর এবার তাঁর টার্গেট কাঁথির ‘ব্রেন ট্রাস্ট’। এদিন প্রাক্তন মন্ত্রী অখিল গিরি ও যুবনেতা সুপ্রকাশ গিরিরা স্রেফ রাজনৈতিক স্লোগান নয়, বরং সরকারের কাজের খতিয়ান অর্থাৎ ‘রিপোর্ট কার্ড’ নিয়ে পৌঁছে গেলেন শহরের নামী চিকিৎসক, আইনজীবী ও সাহিত্যিকদের ড্রয়িং রুমে।

এদিন চিকিৎসক দেবজিৎ রায়, মেঘনাথ জানা থেকে শুরু করে বিশিষ্ট কৃষিবিজ্ঞানী রামচন্দ্র মণ্ডল এবং আইনজীবী আনন্দ দাসের বাড়িতে হাজির হন তৃণমূল নেতৃত্ব। সাহিত্যিক সৌরেন চট্টোপাধ্যায়ের সঙ্গেও দীর্ঘক্ষণ আলাপচারিতা চলে তাঁদের। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সাধারণ মানুষের ক্ষোভ মেটানোর পাশাপাশি সমাজের উচ্চবিত্ত ও বুদ্ধিজীবী শ্রেণির সমর্থন ফিরে পাওয়াই এখন জোড়াফুলের মূল লক্ষ্য।

নন্দীগ্রামকে যেমন উন্নয়নের ‘মডেল’ দিয়ে চাপে রাখতে চাইছেন অভিষেক, তেমনই কাঁথিতেও পদ্মশিবিরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ অখিল গিরিরা। জেলা তৃণমূল নেতৃত্বের সাফ কথা, “কে কোথায় গড় গড়েছেন তা মানুষ বিচার করবে। আমরা উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের দুয়ারে আছি, থাকব।” লোকসভা ভোটের ভরাডুবির পর কাঁথির মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের এই লড়াকু মেজাজ বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে নয়া মাত্রা যোগ করল।

#BanglarSamarthaneSanjog #TMCNextGen #AbhishekBanerjee #MissionEastMidnapore #KanthiCholo #TrinamoolConnect #DevelopmentReportCard #BengalPolitics #AITC #NewzBangla

No comments