newz Bangla, কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সামাজিক মাধ্যমে ছড়…
newz Bangla, কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সামাজিক মাধ্যমে ছড়ানো কোনো বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না। এ ধরনের অসত্য খবর ও গুজব ছড়ালে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, বিগত দু’মাসের প্রথম সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল। তবে চলতি আগস্ট মাসের ক্ষেত্রে প্রথম সপ্তাহে টাকা জমা না হওয়ায় উপভোক্তাদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি হয়। সে বিষয়ে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই বিভ্রান্তি সম্পূর্ণ অমূলক। চলতি আগস্ট মাসের কিস্তির টাকা আগামী ১৭ই আগস্ট থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া শুরু হবে। শুধু তাই নয়, আগামী মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, গত ৩১শে জুলাই পর্যন্ত এই যোজনার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে রাজ্য জুড়ে। বর্তমানে এই আবেদনপত্রগুলি সতর্কতার সঙ্গে যাচাইয়ের কাজ চলছে। যাচাইকরণ শেষেই সমস্ত যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে।
অন্নপূর্ণা যোজনার নিয়মকানুন ও বিষদ নির্দেশিকা বা ‘গাইডলাইন’ সম্পর্কে মানুষকে স্পষ্ট ধারণা দিতে আগামী ১০ই আগস্ট দপ্তরীয় মন্ত্রী মালতী রাভা রায় সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন এবং বিস্তারিত তথ্য তুলে ধরবেন। সব মিলিয়ে রাজ্যবাসীর সুবিধার্থে এই প্রকল্প সুচারুভাবে চালনা করতে প্রশাসন সম্পূর্ণ দায়বদ্ধ বলে আশ্বাস প্রদান করেছেন মুখ্যমন্ত্রী।
#Annapurna_Yojna #NewzBangla #BengaliNews #suvenduadhikary #wbcm #Annapurna

No comments