Newz Bangla, কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডারের বদলে রাজ্যে চালু হয়েছে 'অন্নপূর্ণা যোজনা'। মাসে দেড় হাজার নয়, এই প্রকল্পে একলাফে মিলবে ৩ হাজার টাকা। গত ১ জুলাই থেকে রাজ্যের প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অর্…
Newz Bangla, কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডারের বদলে রাজ্যে চালু হয়েছে 'অন্নপূর্ণা যোজনা'। মাসে দেড় হাজার নয়, এই প্রকল্পে একলাফে মিলবে ৩ হাজার টাকা। গত ১ জুলাই থেকে রাজ্যের প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অর্থ পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে নবান্ন। কিন্তু শুরুর সেই আনন্দের রেশ মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই ক্ষোভে পরিণত হয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিয়েও রাজ্যের বহু 'অন্নপূর্ণা'র অ্যাকাউন্টে এখনও এসে পৌঁছায়নি টাকা। কেউ অনলাইন বা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, আবার কারও বাড়িতে পুরসভার প্রতিনিধি এসে সার্ভেও করে গেছেন। তা সত্ত্বেও ব্যাঙ্ক থেকে ৩ হাজার টাকা ঢোকার কোনো 'মেসেজ' আসেনি।
এই ইস্যুতেই বৃহস্পতিবার রাজ্যজুড়ে তীব্র বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও জয়নগর থেকে শুরু করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি— সর্বত্রই মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। কয়েকটি জায়গায় পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ঘেরাও করে রাখার অভিযোগও উঠেছে। বিক্ষোভকারীদের একটাই প্রশ্ন— ফর্ম পূরণ করা সত্ত্বেও কেন তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকল না?
প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, কোথাও অঞ্চল সার্ভার ডাউন, আবার কোথাও পর্যাপ্ত কর্মী না থাকার কারণে যাচাই (ভেরিফিকেশন) পর্ব সম্পূর্ণ হয়নি, আর সেই কারণেই টাকা দিতে দেরি হচ্ছে। কর্মী সংকটের জেরে এই যাচাই প্রক্রিয়া বিলম্বিত হওয়ার বিষয়টি মেনে নিয়েছেন রাজ্যের শিশু ও নারী উন্নয়ন এবং সমাজকল্যাণমন্ত্রী মালতী রাভারায়। তবে তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, গত ১ জুলাই থেকে যে টাকা ছাড়া হয়েছে, তা ব্যাঙ্কে ঢুকতে তিন-চারদিন সময় লাগবে এবং ধীরে ধীরে সমস্ত যোগ্য উপভোক্তাই এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন।
টাকা না ঢুকলে আপনার কী কী করণীয়?
যদি আপনিও অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করে থাকেন এবং এখনও টাকা না পেয়ে থাকেন, তবে নিম্নলিখিত পদক্ষেপগুলি অবিলম্বে গ্রহণ করুন:
- আধার ও ডিবিটি লিংক যাচাই: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) সচল আছে কিনা তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এর জন্য সরাসরি আপনার ব্যাঙ্কে গিয়ে অথবা NPCI পোর্টালে গিয়ে স্থিতি পরীক্ষা করুন।
- অফিসিয়াল পোর্টাল চেকিং: আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস বা স্থিতি যাচাই করতে রাজ্য সরকারের SOCIAL SECURITY WB PORTAL-এ লগ ইন করে চেক করুন।
- বিডিও কিংবা এসডিও অফিসে যোগাযোগ: অনলাইন বা অফলাইনে ফর্ম জমা দেওয়ার সময় যদি কোনও ভুলভ্রান্তি হয়ে থাকে (যেমন নামের বানান, রেশন কার্ডের তথ্য ইত্যাদি), তবে আসল বা প্রকৃত নথি নিয়ে সরাসরি স্থানীয় বিডিও (BDO), এসডিও (SDO) কিংবা পুরসভায় যোগাযোগ করুন।
কোন হেল্পলাইনে যোগাযোগ করবেন?
এই প্রকল্প সংক্রান্ত যে কোনও সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ডেডিকেটেড হেল্পলাইন ও ই-মেল আইডি দেওয়া হয়েছে:
📞 টোল-ফ্রি হেল্পলাইন নম্বর: ৮২৮২০৮২৮২০
📧 অফিসিয়াল ই-মেল আইডি: asap@wb.gov.in

No comments