Newz Bangla, মহিষাদল: পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের কাঞ্চনপুর সংলগ্ন কাকুড়দা এলাকায় সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে শারীরিক ভাবে নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজন…
Newz Bangla, মহিষাদল: পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের কাঞ্চনপুর সংলগ্ন কাকুড়দা এলাকায় সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে শারীরিক ভাবে নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করলেও, ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কাঞ্চনপুর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে তার দোকানের পাশে ওই শিশু কন্যাটিকে ডেকে নিয়ে গিয়ে গুরুতর শারীরিক নিগ্রহ করার অভিযোগ ওঠে। ঘটনার জানাজানি হতেই এলাকায় ক্ষোভ ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় যুবকদের তৎপরতায় রাতেই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে ঘটনার রেশ এখানেই থমকে থাকেনি। অভিযোগ, এই জঘন্য অপরাধের প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের সহযোগীরা প্রতিবাদী গ্রামবাসীদের উপর চড়াও হয়। ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানোয় অন্তত ১০-১২ জন স্থানীয় বাসিন্দা রক্তাক্ত ও জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে। এলাকায় নতুন করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সারা রাত ধরেই এলাকায় পুলিশি টহলদারি চলেছে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশের দাবী এই ঘটনার খবর পৌঁছানো মাত্রই নবান্ন নড়েচড়ে বসেছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী স্বয়ং এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং স্থানীয় প্রশাসনকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ করার কড়া নির্দেশ দিয়েছেন। পরিস্থিতির দিকে তিনি নিজে নজর রাখছেন বলেও জানা গিয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভে ফুঁসছেন মহিষাদলের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। দোষীর যাতে দৃষ্টান্তমূলক এবং কঠোরতম শাস্তি হয়, তার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।

No comments