উইয়ে কাটা লাখো টাকা থেকে বিলাসবহুল এসি বিছানা ! অপসংস্কৃতি ও দুর্নীতি ঝেড়ে মুছতে নজিরবিহীন কড়া দাওয়াই বিকাশ ভবনের নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে স্নাতক স্তরে নতুন ছাত্রছাত্রী ভর্তির আবহ তৈরি হতেই কলেজ ক্যাম্পাসগুলিতে কড়া নজরদারি…
উইয়ে কাটা লাখো টাকা থেকে বিলাসবহুল এসি বিছানা ! অপসংস্কৃতি ও দুর্নীতি ঝেড়ে মুছতে নজিরবিহীন কড়া দাওয়াই বিকাশ ভবনের
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে স্নাতক স্তরে নতুন ছাত্রছাত্রী ভর্তির আবহ তৈরি হতেই কলেজ ক্যাম্পাসগুলিতে কড়া নজরদারির সিদ্ধান্ত নিল রাজ্য উচ্চশিক্ষা দফতর। ইউনিয়ন রুম মারফত যে কোনও রকম আর্থিক অনিয়ম বা দুর্নীতির সম্ভাবনা গোড়াতেই নির্মূল করতে এবার রাজ্যের সমস্ত কলেজে ‘ইউনিয়ন ফি’-এর তহবিল পুঙ্খানুপুঙ্খ হিসাব-নিকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন (ডিপিআই) স্বাক্ষরিত এক জরুরি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে ইউনিয়ন ফি বাবদ সংগৃহীত টাকা এবং খরচের খুঁটিনাটি খতিয়ান বিকাশ ভবনে জমা দিতে হবে।
সম্প্রতি সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে উইয়ে কাটা লাখো টাকা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই সুরেন্দ্রনাথ কলেজের তরফ থেকে একটি অডিট রিপোর্ট বিকাশ ভবনে জমা পড়েছে। এই প্রসঙ্গে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, “রাজ্যের সব কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত শিক্ষককে আগামী সাত দিনের মধ্যে ইউনিয়ন ফি ও ইউনিয়ন রুম সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি হিসাবের রিপোর্ট দিতে হবে। কোনও রকম রেয়াত করা হবে না।”
তালিকায় এসি বিছানা : বিগত কয়েক দিনে রাজ্যের কলেজ ইউনিয়ন রুম থেকে চাঞ্চল্যকর সব জিনিসপত্র উদ্ধার হয়েছে। কোথাও টেবিল-ড্রয়ারে মিলেছে উইয়ে কাটা লাখো টাকা, কোথাও আবার ছাত্র রাজনীতির আড়ালে গড়ে তোলা হয়েছে এসি লাগানো বিলাসবহুল কামরা, দামি আসবাবপত্র ও বিছানা। ছাত্র সংসদের ঘরের এই রূপ দেখে তাজ্জব শিক্ষামহলও। দফতর সূত্রের খবর, এবার রাজ্য জুড়ে এই সমস্ত নোংরামি ও অপসংস্কৃতি এক লপ্তে ‘ঝেড়ে-মুছে’ সাফ করে দেওয়া হবে।
উচ্চশিক্ষা দফতরের নতুন নির্দেশিকায় জরুরি ভিত্তিতে ইউনিয়ন রুমের ভিতরের সমস্ত সামগ্রীর খতিয়ান ও তালিকা তৈরি করতে বলা হয়েছে। নির্দেশ অনুযায়ী— অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা ভারপ্রাপ্ত শিক্ষকের নেতৃত্বে কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীসহ অন্তত পাঁচ জনের উপস্থিতিতে ইউনিয়ন রুমের সব সামগ্রীর তালিকা প্রস্তুত করতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়াটির ছবি তুলে রাখতে এবং সম্পূর্ণ ভিডিওগ্রাফি করতেও বলা হয়েছে। কোথাও কোনও রকম সন্দেহজনক বা গোলমেলে বস্তুর হদিস মিললে, ডিপিআই বা কলেজের প্রশাসককে তা সঙ্গে সঙ্গে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষামহলের একাংশের দাবি, বিগত তৃণমূল আমলে ছাত্র ইউনিয়নের ভোট বন্ধ হওয়ার পর থেকেই তথাকথিত ছাত্রনেতা বা প্রাক্তনীদের দৌরাত্ম্য মাত্রাছাড়া হয়ে উঠেছিল। কলেজ স্তরে ভর্তি-দুর্নীতি ও অরাজকতা লাগামছাড়া রূপ ধারণ করেছিল। পরিস্থিতি বিবেচনা করে গত বছর কলকাতা হাইকোর্টও ইউনিয়ন রুমগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছিল। এবার নতুন শিক্ষাবর্ষে ভর্তির সময়ে কলেজ ক্যাম্পাসগুলিকে সম্পূর্ণভাবে বহিরাগত ও প্রভাবশালী ছাত্রনেতাদের প্রভাবমুক্ত করতেই এই নজিরবিহীন কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি বিকাশ ভবনের।
#WestBengalNews #EducationScam #CollegeUnion #BikasBhavan #EducationDepartment #WestBengalColleges #StudentPolitics #KolkataNews #AdmissionScam #HighCourtOrder
No comments