নিউজবাংলা, কলকাতা: রাজ্যের মহিলা যাত্রীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। আগামী ১ জুন থেকেই সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেতে চলেছেন মহিলারা। শুধু লোকাল রুটই নয়, দূরপাল্লার সরকারি (Free Bus Journey) বাসেও মিলবে …
নিউজবাংলা, কলকাতা: রাজ্যের মহিলা যাত্রীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। আগামী ১ জুন থেকেই সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেতে চলেছেন মহিলারা। শুধু লোকাল রুটই নয়, দূরপাল্লার সরকারি (Free Bus Journey) বাসেও মিলবে এই অভাবনীয় সুবিধা। আর এই প্রক্রিয়াকে মসৃণ ও আধুনিক করতে রাজ্যের মহিলাদের বিশেষ সচিত্র ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।
পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ স্মার্ট কার্ডে একটি কিউআর (QR) কোড থাকবে। বাসে উঠে কন্ডাকটরকে এই কার্ডটি দেখাতে হবে। কন্ডাকটরের কাছে থাকা মেশিনে কার্ডটি স্ক্যান করলেই মহিলা যাত্রীর সমস্ত তথ্য ভেসে উঠবে এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে ‘শূন্য ভাড়ার’ টিকিট। তবে টিকিট ফ্রি হলেও তাতে যাত্রা শুরুর স্থান এবং গন্তব্যের উল্লেখ থাকবে।
কেন এই স্মার্ট কার্ডের ব্যবস্থা?
এই কার্ড চালুর নেপথ্যে পরিবহণ দপ্তরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এর ফলে:
- রাজ্য সরকারের কাছে প্রতিদিন কতজন মহিলা যাত্রী সরকারি বাসে যাতায়াত করছেন, তার নিখুঁত হিসাব থাকবে।
- বিভিন্ন পরিবহণ নিগম মহিলা যাত্রীদের জন্য ভাড়া বাবদ কত টাকা খরচ করছে, তার স্পষ্ট খতিয়ান মিলবে।
- নিগমগুলির এই খরচের টাকা প্রতি মাসে রাজ্য সরকার নিজেই ভর্তুকি হিসেবে মিটিয়ে দেবে।
গত শুক্রবারই পরিবহণ দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্ত এই সংক্রান্ত একটি সরকারি আদেশনামা জারি করেছেন।
কীভাবে মিলবে এই কার্ড? আবেদন করবেন কোথায়?
পরিবহণ দপ্তরের কর্তারা জানাচ্ছেন, ডিজিটাল স্মার্ট কার্ড তৈরি ও তা সম্পূর্ণ বিলি করতে এখনও কয়েক মাস সময় লেগে যাবে। তবে সুবিধাটি পেতে ইচ্ছুক মহিলাদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে।
কোথায় আবেদন করবেন: সংশ্লিষ্ট এলাকার এসডিও (SDO), বিডিও (BDO) বা পুর-কমিশনারের কাছে আবেদনপত্র জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথি: আবেদনের সঙ্গে যেকোনো একটি স্বীকৃত সরকারি পরিচয়পত্রের প্রতিলিপি বা জেরক্স জমা দিতে হবে। তালিকায় রয়েছে—
- ভোটার (এপিক) কার্ড বা আধার কার্ড
- ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা ভারতীয় পাসপোর্ট
- গ্রাম রোজগার গ্যারান্টি কার্ড বা আয়ুষ্মান ভারত হেলথ কার্ড
- সচিত্র পেনশন নথি বা কেন্দ্র/রাজ্য সরকারি চাকুরিজীবীদের সচিত্র পরিচয়পত্র
- স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র
আবেদনপত্র খতিয়ে দেখে সংশ্লিষ্ট সরকারি অফিস থেকেই এই বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করা হবে।
জরুরি ঘোষণা: যতদিন না মহিলারা হাতে এই ডিজিটাল স্মার্ট কার্ড পাচ্ছেন, ততদিন পর্যন্ত উপরোক্ত যেকোনো একটি আসল সরকারি নথি (যেমন ভোটার বা আধার কার্ড) বাসের কন্ডাকটরকে দেখালেই মিলবে বিনামূল্যে ভ্রমণের সুযোগ।
লক্ষ্য পরিবহণ ব্যবস্থার ভোলবদল
প্রসঙ্গত, দশকের পর দশক ধরে রাজ্যের পরিবহণ নিগমগুলি চরম লোকসানে চলছে। সরকারের ঘাড়ের ওপর চেপে রয়েছে বিপুল পরিমাণ ভর্তুকির বোঝা। তার ওপর গত কয়েক বছরে রাস্তায় সরকারি বাসের সংখ্যাও কমেছে আশঙ্কাজনকভাবে। প্রায় এক যুগ ধরে বাড়েনি বাসের ভাড়াও।
এই চরম অচলাবস্থা কাটিয়ে সরকারি পরিবহণ ব্যবস্থাকে ফের চাঙ্গা করতে একগুচ্ছ নতুন নীতি নেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে রাজ্যে কোনো নতুন পরিবহণমন্ত্রী নিযুক্ত না হওয়ায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই দপ্তরের দেখভাল করছেন। এর আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এই দপ্তরের মন্ত্রী হিসেবে তাঁর কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই খুব শীঘ্রই রাস্তায় নামতে চলেছে কয়েক হাজার নতুন সরকারি বাস। একই সঙ্গে পরিবহণ ক্ষেত্রে একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাও পেতে চলেছে পশ্চিমবঙ্গ। সব মিলিয়ে, মহিলাদের এই বড় উপহার দেওয়ার পাশাপাশি রাজ্যের পরিবহণ ব্যবস্থার ভোলবদল করাই এখন নবান্নের পাখির চোখ।
#FreeBusService #DigitalSmartCard #WestBengalGovt #BengalTransport #WomenEmpowerment
No comments