নিউজবাংলা, খেজুরি: নিস্তব্ধ রাত চিরে হঠাৎই আকাশছোঁয়া আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যে সব শেষ। শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির নীচকসবা এলাকায় হিজলি মসনদ-ই-আলা পিকনিক স্পটের সংলগ্ন বাজারটি কার্যত ধ্বংসস্তূপে পরি…
নিউজবাংলা, খেজুরি: নিস্তব্ধ রাত চিরে হঠাৎই আকাশছোঁয়া আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যে সব শেষ। শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির নীচকসবা এলাকায় হিজলি মসনদ-ই-আলা পিকনিক স্পটের সংলগ্ন বাজারটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুনে ভষ্মীভূত হয়েছে কমপক্ষে ৩০টি দোকান, যার বেশিরভাগই ছিল ভাতের হোটেল ও মনিহারি দোকান।
প্রত্যক্ষদর্শীদের মতে, বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা হওয়ায় দখিনা বাতাসের দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তার ওপর খাওয়ার দোকানগুলিতে থাকা একাধিক রান্নার গ্যাসের সিলিন্ডার একে একে ফেটে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অডিও বার্তায় স্থানীয় বিধায়ক সুব্রত পাড়ুই জানান, "প্রশাসনের কাছ থেকে প্রাথমিক যা খবর পেয়েছি তাতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে গ্যাস সিলিন্ডারগুলো ফেটে যাওয়ার ফলে আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়"। কাঁথি থেকে দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই আগুনের গ্রাসে চলে যায় লক্ষ লক্ষ টাকার সম্পত্তি। যদিও পুলিশ প্রশাসনের অনুমান, ধূপের আগুন বা শর্ট সার্কিটই এই অগ্নিকাণ্ডের মূল উৎস।
ঘটনার পরপরই রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। তিনি টুইট করে দাবি করেছেন যে, এর পিছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এবং এটি আসলে ভোট-পরবর্তী হিংসার বহিঃপ্রকাশ। এই অভিযোগের পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
অভিষেকের ষড়যন্ত্রের অভিযোগের জবাবে বিজেপি বিধায়ক সুব্রত পাড়ুই বলেন, "আমি মর্মাহত। রাজনীতির রং না দেখে আমি চাই উপযুক্ত তদন্ত হোক। যদি এর মধ্যে কেউ দোষী থাকে, তবে প্রশাসন যেন কড়া ব্যবস্থা নেয়"। তিনি আরও যোগ করেন, "রাজনৈতিক অভিসন্ধি খোঁজার আগে আমাদের দেখা উচিত অসহায় দোকানদারদের ক্ষতির দিকটা। আমি তাঁদের আশ্বস্ত করেছি যে প্রশাসনিকভাবে কী করা যায় তা দেখা হবে"।
দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যবসায়ীদের সম্বল সবটাই ছাই হয়ে গেছে। হতাহতের কোনো খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments