নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলায় জয়ের নিরিখে সব রেকর্ড ভেঙে দিলেন হলদিয়ার বিজেপি প্রার্থী তথা শ্রমিক নেতা প্রদীপ বিজলি। রাজনৈতিক দলবদল করেও শেষরক্ষা হল না তৃণমূলের তাপসী মণ্ডলের। জয়ের ‘হ্যাটট্রিক’ করার লক্ষ্য নিয়ে …
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলায় জয়ের নিরিখে সব রেকর্ড ভেঙে দিলেন হলদিয়ার বিজেপি প্রার্থী তথা শ্রমিক নেতা প্রদীপ বিজলি। রাজনৈতিক দলবদল করেও শেষরক্ষা হল না তৃণমূলের তাপসী মণ্ডলের। জয়ের ‘হ্যাটট্রিক’ করার লক্ষ্য নিয়ে ময়দানে নামলেও, শেষ পর্যন্ত পদ্ম-ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল ঘাসফুল শিবির।
রেকর্ড ৪৯ হাজার ৮৪০ ভোটে তাপসীদেবীকে পরাজিত করেছেন প্রদীপবাবু। জেলা জুড়ে বিজেপির যে ১৬ জন প্রার্থী জয়ী হয়েছেন, তাঁদের মধ্যে হলদিয়ার জয়ের ব্যবধানই সর্বোচ্চ।
এক সময়ের বাম দুর্গ হিসেবে পরিচিত হলদিয়ায় ২০১১-র পর আর জয়ের মুখ দেখেনি তৃণমূল। এ দিন জয়ের পর প্রদীপ বিজলি এই জয়কে হলদিয়া বন্দরের শ্রমিকদের উৎসর্গ করেছেন।
তিনি বলেন, “আমি নিজে বন্দরের শ্রমিক। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দেড় মাসের মধ্যে ১০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া পড়ে থাকা ইএসআই হাসপাতাল চালু করাই আমার লক্ষ্য।” পাশাপাশি, দীর্ঘ পাঁচ বছর ধরে থমকে থাকা পুরভোট আগামী তিন মাসের মধ্যে করার আশ্বাসও দিয়েছেন নবনির্বাচিত এই বিধায়ক।
বাসুদেবপুর গভর্নমেন্ট স্পনসর্ড হাই স্কুলে এ দিন হলদিয়া, নন্দীগ্রাম ও মহিষাদল— এই তিন কেন্দ্রের ভোটগণনা হয়। জেলা জুড়ে ছিল টানটান উত্তেজনা। নন্দীগ্রামে সবার নজর ছিল শুভেন্দু অধিকারী বনাম পবিত্র করের লড়াইয়ের দিকে। সেখানে ১০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, মহিষাদলে বিজেপির সুভাষচন্দ্র পাঁজাও ২৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
বিকেলের পর থেকেই শিল্পশহরের মেজাজ বদলাতে শুরু করে। হলদিয়ার দুর্গাচকে তৃণমূলের সতীশচন্দ্র সামন্ত ভবনে নির্বাচনী ক্যাম্প চলাকালীন সেখানে উত্তেজনা ছড়ায়। ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ ও বিদায়ী বিধায়ক তিলক চক্রবর্তী। বিজেপির জয়ের খবর আসতেই এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
অন্যদিকে, পরাজয়ের পর ইভিএম জালিয়াতির অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডল। তাঁর দাবি, “সারাদিন ভোটগ্রহণের পরেও বেশিরভাগ ইভিএমে ৯০ শতাংশের বেশি চার্জ ছিল। এটা কী ভাবে সম্ভব? আমরা ভিভিপ্যাট গণনার দাবি জানাচ্ছি এবং আদালতের দ্বারস্থ হব।” যদিও জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, ইভিএম চার্জ নিয়ে কোনও প্রযুক্তিগত সমস্যা হয়নি।
এক নজরে হলদিয়া ফলাফল:
- জয়ী প্রার্থী: প্রদীপ বিজলি (বিজেপি)
- নিকটতম প্রতিদ্বন্দ্বী: তাপসী মণ্ডল (তৃণমূল)
- জয়ের ব্যবধান: ৪৯,৮৪০ ভোট (জেলায় সর্বোচ্চ)

No comments