Nandigram : নন্দীগ্রামে স্বস্তিতে তৃণমূলের ‘সেনাপতি’রা, ভোটের আগে জেলমুক্ত সুফিয়ান-তাহেররা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Nandigram : নন্দীগ্রামে স্বস্তিতে তৃণমূলের ‘সেনাপতি’রা, ভোটের আগে জেলমুক্ত সুফিয়ান-তাহেররা !

নিউজবাংলা, হলদিয়া : ভোটযুদ্ধের আগে বড়সড় স্বস্তি ফিরল নন্দীগ্রামের শাসক শিবিরে। ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত তৃণমূলের প্রথম সারির নেতাদের জামিন বহাল রাখল হলদিয়ার বিশেষ সিবিআই আদালত। 
সোমবারের এই নির্দেশের ফলে নির্বাচনী মরসুমে …

 


নিউজবাংলা, হলদিয়া : ভোটযুদ্ধের আগে বড়সড় স্বস্তি ফিরল নন্দীগ্রামের শাসক শিবিরে। ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত তৃণমূলের প্রথম সারির নেতাদের জামিন বহাল রাখল হলদিয়ার বিশেষ সিবিআই আদালত। 

সোমবারের এই নির্দেশের ফলে নির্বাচনী মরসুমে জেলের বাইরেই থাকছেন আবু তাহের, শেখ সুফিয়ান, সায়েম কাজীদের মতো ‘হেভিওয়েট’ নেতারা। রাজনৈতিক মহলের মতে, খাস নন্দীগ্রামে নিজেদের ভোটযন্ত্র সচল রাখতে এই রায় তৃণমূলের কাছে বড় হাতিয়ার হয়ে দাঁড়াল।
​২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর চিল্লোগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। ওই মামলাতেই নাম জড়ায় নন্দীগ্রামের তৃণমূলের একাধিক শীর্ষ নেতার।

গ্রেফতারির খাঁড়া মাথায় থাকলেও এদিন আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আগামী ১৫ মে পর্যন্ত অভিযুক্ত ২০ জন নেতার জামিন বহাল থাকবে। অর্থাৎ, ২৩ এপ্রিল নন্দীগ্রামের ভোটগ্রহণ এবং ৪ মে ফল প্রকাশ— গোটা প্রক্রিয়ার সময়টা অবাধেই এলাকায় দাপিয়ে বেড়াতে পারবেন এই ‘ভোট ম্যানেজার’রা।

​গত কয়েক দিন ধরেই এই মামলাকে কেন্দ্র করে সরগরম ছিল জেলার রাজনীতি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, "অবাধ ও শান্তিপূর্ণ" নির্বাচনের স্বার্থে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন যাতে অভিযুক্তদের পুনরায় জেল হেফাজতে পাঠানো হয়। তবে আদালতের এই সিদ্ধান্তের পর বিরোধীদের সেই কৌশলী চালে আপাতত জল পড়ল বলেই মনে করা হচ্ছে।

​অন্য দিকে, মামলাটির গুরুত্ব বিচার করে এবং নিরপেক্ষতা বজায় রাখতে নিহতের পরিবার মামলাটি অসমের কোনও আদালতে স্থানান্তরের আর্জি জানিয়েছিল। সিবিআই সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন জানালে শীর্ষ আদালত সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে সুপ্রিম কোর্টে সেই প্রক্রিয়া চলাকালীন স্থানীয় আদালতে জামিন বহাল থাকায় রাজনৈতিক ভাবে সুবিধাজনক অবস্থানে চলে এল শাসক দল।

​আদালতের রায়ে খুশি আবু তাহের জানান, তাঁরা বিচারব্যবস্থার ওপর আস্থাশীল। তাঁর কথায়, "আগামী ১৫ মে পর্যন্ত শুনানি পিছিয়ে যাওয়ায় এখন আমাদের সম্পূর্ণ নজর থাকবে নির্বাচনী লড়াইয়ের দিকে।" নন্দীগ্রামের মতো হাই-ভোল্টেজ কেন্দ্রে ভোট পরিচালনার দায়িত্বে থাকা এই নেতাদের মুক্তি তৃণমূলের নিচুতলার কর্মীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।


No comments