WBSIR2026 : আজ শেষ দিন, কলকাতা থেকে কার্শিয়াং ২২ লক্ষের শুনানি বাকি ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

WBSIR2026 : আজ শেষ দিন, কলকাতা থেকে কার্শিয়াং ২২ লক্ষের শুনানি বাকি !

নিউজবাংলা, কলকাতা: ক্যালেন্ডার বলছে আজই শেষ দিন। কিন্তু হাতে জমে থাকা ফাইলের পাহাড় বলছে অন্য কথা। বাংলায় ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় এখনও প্রায় ২২ লক্ষ মানুষের শুনানি বাকি। ফলে নির্ধারিত সূচি মেনে শনিবারের মধ্…

 


নিউজবাংলা, কলকাতা: ক্যালেন্ডার বলছে আজই শেষ দিন। কিন্তু হাতে জমে থাকা ফাইলের পাহাড় বলছে অন্য কথা। বাংলায় ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় এখনও প্রায় ২২ লক্ষ মানুষের শুনানি বাকি। ফলে নির্ধারিত সূচি মেনে শনিবারের মধ্যে এই বিশাল কর্মকাণ্ড শেষ করা কার্যত অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। খাস কলকাতার একাংশ থেকে পাহাড়— সর্বত্রই এখন ত্রাহি ত্রাহি রব।

​সূত্রের খবর, উত্তর কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ এবং কার্শিয়াংয়ের মতো জেলাগুলিতে শুনানির কাজ এখনও ঢের বাকি। পরিস্থিতি বেগতিক দেখে জেলাশাসকরা ইতিমধ্যেই সময় বাড়ানোর আবেদন জানিয়েছেন। শুক্রবার রাত পর্যন্ত দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে কোনো সবুজ সংকেত আসেনি ঠিকই, তবে প্রতিবেশী উত্তরপ্রদেশে কিন্তু সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল শনিবারই কমিশনকে চিঠি লিখে নির্দিষ্ট কিছু বিধানসভা এলাকায় বাড়তি সময়ের দাবি জানাতে পারেন।

​কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। তার মধ্যে ১ কোটি ৩০ লক্ষের কাজ শেষ হলেও তথ্য আপলোডের গতি এখনও শ্লথ। ভীতি ধরাচ্ছে অন্য একটি পরিসংখ্যান— বারবার ডাকার পরেও প্রায় সাড় চার লক্ষ ভোটার শুনানিতে হাজিরা দেননি। নিয়ম অনুযায়ী, তাঁদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। শুনানি শেষে এই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা।

কড়া বার্তা কমিশনের:

জাল নথি জমা দিলেই কপালে জুটবে জেল ও জরিমানা। জেলা প্রশাসনগুলিকে সাফ জানানো হয়েছে, নথিতে বিন্দুমাত্র কারচুপি ধরা পড়লে সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ করতে হবে।

​কমিশন কর্তাদের দাবি, প্রথম দিকে কাজের গতি অত্যন্ত ধীর ছিল। যদিও গত কয়েকদিনে দৈনিক প্রায় ৫ থেকে ৭ লক্ষ ভোটারের শুনানি সেরে ‘ড্যামেজ কন্ট্রোল’-এর চেষ্টা হয়েছে, কিন্তু তাতেও শেষ রক্ষা হওয়া কঠিন। লক্ষ্য ছিল ১৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা। এখন প্রশ্ন উঠছে, গুটিকয়েক বিধানসভায় সময় বাড়লে কি সেই সময়সীমা বজায় রাখা সম্ভব হবে? নাকি গোটা প্রক্রিয়াই পিছিয়ে যাবে আরও কয়েক কদম? উত্তর মিলতে পারে আজ বিকেলেই।

#ElectionCommission #VoterList #WestBengal #BengalPolitics #Election2026 #BreakingNews #CEOOrder #VoterCard #SIR #ElectionUpdates #newzbangla


No comments