নিউজবাংলা, কাঁথি: রাস্তার কাজের সুপারিশ নিয়ে পঞ্চায়েত সমিতিতে গিয়ে খোদ পঞ্চায়েত প্রধানকেই শ্লীলতাহানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ। আর সেই ঘটনার একটি ‘ভাইরাল’ অডিও ক্লিপ (যার সত্যতা যাচাই করেনি নিউজবাংলা) ঘিরে শনিবার দিনভর চরম শোর…
ঘটনার কেন্দ্রবিন্দুতে শাসকদলের অন্দরের কোন্দল নাকি সত্যিই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা নিয়ে চাপানউতোর তুঙ্গে। সূত্রের খবর, দিন কয়েক আগে এক মহিলা পঞ্চায়েত প্রধান এলাকার রাস্তার সংস্কারের দাবি নিয়ে পঞ্চায়েত সমিতিতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে তাঁর সঙ্গে অত্যন্ত কুরুচিকর আচরণ করেন সভাপতি বিকাশবাবু। এমনকী ওই মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাঁকে স্পর্শ ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা প্রধান। তিনি দলীয় স্তরে ওপর তলার নেতাদের ফোন করে গোটা বিষয়টি জানান। সেই কথোপকথনের অডিও-ই এদিন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। বিষয়টি নজর এড়ায়নি বিরোধী শিবিরেরও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) সরব হন। পুলিশকে ট্যাগ করে তিনি কড়া পদক্ষেপের দাবি জানান।
শনিবার বেলা বাড়তেই পরিস্থিতি ঘোরালো হতে শুরু করে। এর পরেই নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন বিকাশ বেজ। তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে একে ‘ষড়যন্ত্র’ বলেই দাবি করেছেন। বিকাশের কথায়, ‘‘আমার বিরুদ্ধে গভীর চক্রান্ত হয়েছে। আমি নির্দোষ। তবে যতক্ষণ না পর্যন্ত নিজেকে কলঙ্কমুক্ত প্রমাণ করতে পারছি, ততক্ষণ দলের বা পঞ্চায়েত সমিতির কোনও পদে থাকতে চাই না। তাই ইস্তফা দিলাম।’’
তৃণমূলের অন্দরে এই ঘটনা নিয়ে ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছে। জেলা পুলিশের সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, ভাইরাল অডিওর বিষয়টি নজরে আসার পরেই পুলিশ সক্রিয় হয়েছে। তিনি বলেন, ‘‘আমরা অভিযোগকারী প্রধান ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। কথা হয়েছে বিকাশ বেজের সঙ্গেও। আইনের ঊর্ধ্বে কেউ নন। তবে এখনও পর্যন্ত নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ এলে পুলিশ অবশ্যই আইন মেনে কড়া ব্যবস্থা নেবে।’’
আপাতত জেলা রাজনীতির নজর এখন ওই মহিলা প্রধানের পরবর্তী পদক্ষেপের দিকে। তিনি কি শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হবেন? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কাঁথির অলিতে-গলিতে।
#KanthiScandal #KanthiNews #PanchayatSamiti #ViralAudio #ContaiNews #PurbaMedinipur #Newzbangla

No comments