T20 World Cup :সূর্যের তেজে মানরক্ষা ভারতের, বিশ্বকাপের বোধনেই সিঁদুরে মেঘ ব্যাটিং ব্যর্থতায় - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

T20 World Cup :সূর্যের তেজে মানরক্ষা ভারতের, বিশ্বকাপের বোধনেই সিঁদুরে মেঘ ব্যাটিং ব্যর্থতায়

রূপসা মন্ডল, নিউজবাংলা : জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। কিন্তু আমেরিকার বিরুদ্ধে ২৯ রানের এই জয়ের ব্যবধানে যতটা স্বস্তি রয়েছে, তার চেয়েও বেশি চিন্তার ভাঁজ ফেলেছে ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারাটা। অধিনায়ক সূর্যকুমার যা…

 


রূপসা মন্ডল, নিউজবাংলা : জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। কিন্তু আমেরিকার বিরুদ্ধে ২৯ রানের এই জয়ের ব্যবধানে যতটা স্বস্তি রয়েছে, তার চেয়েও বেশি চিন্তার ভাঁজ ফেলেছে ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারাটা। অধিনায়ক সূর্যকুমার যাদব ত্রাতা হয়ে না দাঁড়ালে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হয়তো অঘটনের সাক্ষী থাকতে হতো ক্রিকেট বিশ্বকে।

​শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নবাগত আমেরিকা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে ‘মেন ইন ব্লু’। ওপেনার ঈশান কিশন মাত্র ২০ রান করে ডাগআউটে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের টপ ও মিডল অর্ডার। মার্কিন পেসারদের দাপটে এক সময় দিশেহারা দেখাচ্ছিল তারকাখচিত ভারতীয় ব্যাটিং লাইন-আপকে।

​দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে বুক চিতিয়ে লড়লেন অধিনায়ক সূর্যকুমার যাদব। যখন একের পর এক উইকেট হারিয়ে দল কার্যত কোণঠাসা, তখন দায়িত্বশীল ইনিংসে দলের হাল ধরেন তিনি। নিজের পরিচিত মারকুটে মেজাজের পাশাপাশি এদিন দেখালেন অভাবনীয় ধৈর্য। ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের একটি ইনিংস খেলে ভারতকে পৌঁছে দিলেন ৯ উইকেটে ১৬১ রানে। মূলত তাঁর দাপটেই লড়াকু পুঁজি পায় ভারত।

​১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে আমেরিকা। তবে বিশ্বকাপের নতুন সংযোজন হলেও মাঠ ছাড়ার আগে মরণপণ লড়াই চালিয়েছেন মার্কিন ব্যাটাররা। বিশেষ করে তাঁদের মিডল অর্ডার রুখে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করলেও ভারতীয় বোলারদের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাঁদের। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানেই থমকে যায় আমেরিকার ইনিংস।

​২৯ রানে ম্যাচ জিতলেও ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। আমেরিকার মতো অনভিজ্ঞ দলের বোলিংয়ের সামনে যেভাবে ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটল, তা বিশ্বকাপের পরবর্তী বড় ম্যাচগুলোর আগে নির্বাচকদের জন্য বড়সড় সতর্কবার্তা। জয় এল ঠিকই, কিন্তু ব্যাটিংয়ের এই দৈন্যদশা আগামী দিনে বড়সড় বিপদ ডেকে আনতে পারে।


No comments