নিউজবাংলা, মুম্বই: বারমতীর আকাশে ঠিক কী ঘটেছিল? যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কিছু? অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নজর কাড়ল ‘ব্ল্যাক বক্স’। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল থেকে এই যন্ত্রটি উদ্ধার করেছেন তদন্তকারীরা।…
নিউজবাংলা, মুম্বই: বারমতীর আকাশে ঠিক কী ঘটেছিল? যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কিছু? অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নজর কাড়ল ‘ব্ল্যাক বক্স’। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল থেকে এই যন্ত্রটি উদ্ধার করেছেন তদন্তকারীরা। বিশেষজ্ঞ মহলের মতে, ধ্বংসস্তূপের নিচে পাওয়া এই ছোট্ট যন্ত্রটির মধ্যেই লুকিয়ে রয়েছে অভিশপ্ত সেই মুহূর্তের যাবতীয় তথ্য।
তদন্তে নজরদারি: সুপ্রিম কোর্টের দাবি
রাজনীতিবিদ অজিত পাওয়ারের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও সমীকরণ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী শিবির। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বিরোধীদের স্পষ্ট দাবি, কেন্দ্রীয় এজেন্সির তদন্তে তাঁদের আস্থা নেই। স্বচ্ছতার খাতিরে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন তাঁরা। পালটা আশ্বাস দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তবে আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিপর্যয়ের তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ না হওয়ায় কেন্দ্রের আশ্বাসে খুব একটা ভরসা পাচ্ছেন না বিরোধীরা।
কী জানাবে এই ব্ল্যাক বক্স?
ব্ল্যাক বক্স উদ্ধারের পর তদন্তের মোড় ঘোরার অপেক্ষায় বিশেষজ্ঞ দল। মূলত দু’টি তথ্যের দিকে তাকিয়ে এয়ারক্র্যাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB):
- ককপিট ভয়েস রেকর্ডার (CVR): দুর্ঘটনার ঠিক আগে পাইলটদের মধ্যে শেষ কী কথা হয়েছিল? কোনও বিপদের ইঙ্গিত কি তাঁরা পেয়েছিলেন?
- ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR): ওড়ার সময় যানের গতিবেগ, উচ্চতা এবং যান্ত্রিক পরিস্থিতি ঠিক কেমন ছিল, তার নিখুঁত খতিয়ান মিলবে এখানে।
এদিন সকালেই ডিজিসিএ (DGCA) এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে।
শেষ বিদায় জননেতাকে
বৃহস্পতিবার সকালেই বারমতীর বিদ্যা প্রতিষ্ঠান মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় ৬৬ বছর বয়সি অজিত পাওয়ারের। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতিন গডকড়ী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। শোকাতুর পরিবেশে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও। জননেতার প্রয়াণে বারমতী জুড়ে আজ বিষণ্ণতার সুর।

No comments