নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজর মুখে ফের একবার নন্দীগ্রাম রেল প্রকল্প নিয়ে রাজনৈতিক পারদ চড়াতে শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি চিঠিকে হাতিয়ার ক…
নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজর মুখে ফের একবার নন্দীগ্রাম রেল প্রকল্প নিয়ে রাজনৈতিক পারদ চড়াতে শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি চিঠিকে হাতিয়ার করে শুভেন্দুর দাবি, তাঁর দীর্ঘদিনের তদ্বিরের ফলেই নন্দীগ্রাম-কেন্দেমারী সহ জেলার একাধিক নতুন রেলপথে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রক। তবে প্রকল্পের ঘোষণা হলেও, জমি জট ও রাজ্য-কেন্দ্র সংঘাতের আবহে এই পরিকল্পনা আদৌ দিনের আলো দেখবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না স্থানীয় বাসিন্দারা।
নিজের এক্স হ্যান্ডেলে রেলমন্ত্রীর চিঠির নির্যাস তুলে ধরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁর আবেদনের ভিত্তিতেই রেলমন্ত্রক নিম্নলিখিত প্রকল্পগুলিতে অনুমোদন দিয়েছে:
- কাঁথি – এগরা নতুন রেল লাইন
- নন্দকুমার – বলাইপণ্ডা নতুন রেল লাইন
- নন্দীগ্রাম – কেন্দামারী (নয়াচর) নতুন রেল লাইন
- বাঁকুড়া (কলাবতী) – পুরুলিয়া (হুড়া হয়ে) নতুন লাইন
- বোয়াইচণ্ডী – আরামবাগ ও বোয়াইচণ্ডী – খানা নতুন রেল লাইন
শুভেন্দুর দাবি, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে। এর জন্য তিনি রেলমন্ত্রীকে কৃতজ্ঞতাও জানিয়েছেন।
শুভেন্দু অধিকারী কৃতিত্ব দাবি করলেও, বাস্তব চিত্রটা কিন্তু বেশ কঠিন। জেলাবাসীর একাংশের প্রশ্ন, ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে দেশপ্রাণ-নন্দীগ্রাম রেল প্রকল্পের শিলান্যাস করেছিলেন, দেড় দশক পেরিয়েও তা আজও বিশ বাঁও জলে। সেখানে নতুন করে নন্দীগ্রাম থেকে কেন্দেমারী বা নন্দকুমার-বলাইপণ্ডা লাইনের ঘোষণা কতটা ফলপ্রসূ হবে?
এক্স হ্যান্ডেলে শুভেন্দুর পোষ্ট :বঙ্গবাসীদের সাথে এই সুসংবাদ ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে, মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জী আমার পূর্ববর্তী আবেদনের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে নিম্নলিখিত নতুন রেল লাইন প্রকল্পগুলির নির্মাণকাজ শুরু করার অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পগুলি হল:-
— Suvendu Adhikari (@SuvenduWB) January 27, 2026
# কাঁথি – এগরা নতুন রেল… pic.twitter.com/1XbyGta7LW
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পের প্রধান বাধা হতে পারে জমি অধিগ্রহণ।
"রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা ছাড়া এ রাজ্যে এক ইঞ্চি জমিও রেলের জন্য পাওয়া দুষ্কর। যেখানে পুরোনো প্রকল্পেই জমিহারাদের চাকরির দাবি মেটেনি এবং মামলা চলছে আদালতে, সেখানে নতুন প্রকল্পের জমি আসবে কোথা থেকে?"— প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে নন্দীগ্রামের মানুষের আবেগকে ছুঁতে এটি শুভেন্দুর বড় চাল। কিন্তু নবান্ন তথা শাসক শিবির যেখানে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব, সেখানে রাজ্য সরকার এই রেল প্রকল্পের জন্য জমি জোগাড়ে কতটা 'দরাজ' হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিরোধীদের কটাক্ষ, সহযোগিতার ছিটেফোঁটা সম্ভাবনা না থাকা সত্ত্বেও এমন ঘোষণা স্রেফ নির্বাচনী চমক ছাড়া আর কিছুই নয়।
#NandigramRailProject #SuvenduAdhikari #RailPolitics #WestBengalElection2026 #AshwiniVaishnaw #MedinipurDevelopment #NandigramToKendamari #ContaiEgraRail #PurbaMedinipurNews #NewzBangla
No comments