Digha : শাড়ি সালোয়ারে না, দিঘার সমূদ্র স্নানে মহিলারা পরুন সুইম স্যুট, দুর্ঘটনা রুখতে স্বাস্থ্য মন্ত্রীর দাওয়াই, কি মনে করেন আপনি? - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Digha : শাড়ি সালোয়ারে না, দিঘার সমূদ্র স্নানে মহিলারা পরুন সুইম স্যুট, দুর্ঘটনা রুখতে স্বাস্থ্য মন্ত্রীর দাওয়াই, কি মনে করেন আপনি?

Newz Bangla, দিঘা: উত্তাল সমুদ্রে নামার আগে এবার পোশাক নির্বাচনেও বাড়তি সতর্কতা? পর্যটন কেন্দ্র দিঘায় সমুদ্রস্নানে মহিলা পর্যটকদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে এক নতুন প্রস্তাব ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। গত ১ আগস্ট নিমতৌড়িতে আয়োজিত …


Newz Bangla, দিঘা: উত্তাল সমুদ্রে নামার আগে এবার পোশাক নির্বাচনেও বাড়তি সতর্কতা? পর্যটন কেন্দ্র দিঘায় সমুদ্রস্নানে মহিলা পর্যটকদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে এক নতুন প্রস্তাব ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। গত ১ আগস্ট নিমতৌড়িতে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শান্তনু মুখোপাধ্যায় প্রস্তাব দেন, দিঘায় স্নান করতে নেমে শাড়ি বা সালোয়ার কামিজ পরার পরিবর্তে মহিলা পর্যটকদের নির্দিষ্ট পোশাক বিধি মেনে সুইমস্যুট ও ফ্লুরোসেন্ট রঙের টুপি ব্যবহার করা উচিত।

​চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকদের একাংশের মতে, সুতির শাড়ি বা সালোয়ার কামিজ জলে ভিজে ভারী হয়ে গেলে সাঁতার কাটা তো দূর, ভেসে থাকাও কঠিন হয়ে পড়ে। সমুদ্রের প্রবল ঢেউয়ে ভিজা কাপড় পায়ে জড়িয়ে গিয়ে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দিঘা হাসপাতালের সুপার সন্দীপকুমার বাগ জানান, নাইলন বা হালকা সুইমস্যুট পরলে আপৎকালীন পরিস্থিতিতে জলে বেশি সময় ভেসে থাকা সহজ হয় এবং দূর থেকে ফ্লুরোসেন্ট টুপি দেখে নুলিয়ারা বিপদগ্রস্তদের দ্রুত শনাক্ত করতে পারেন। তবে ভারতীয় সংস্কৃতির স্বাচ্ছন্দ্য বজায় রেখে খুব বেশি খোলামেলা না হয়ে, পুরো শরীর ঢাকা আধুনিক সুইমস্যুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

​ইতিমধ্যেই নুলিয়ারা দিঘা ও মন্দারমণির সৈকতে পর্যটকদের এ বিষয়ে সচেতন করার কাজ শুরু করেছেন। তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোনও বাধ্যতামূলক সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তথা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নিরঞ্জন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

​এই সচেতনতামূলক প্রচার ঘিরে মহিলা পর্যটকদের মতামত অবশ্য দুই ভাগে বিভক্ত। একদিকে নন্দিনী পালের মতো অনেক পর্যটক প্রশ্ন তুলছেন— পুরী বা বিশাখাপত্তনমের মতো দেশের অন্য জনপ্রিয় সমুদ্রসৈকতে যেখানে এমন কোনও নিয়ম নেই, সেখানে দিঘায় পোশাকের ওপর বিধিনিষেধ চাপানো কতখানি যুক্তিসঙ্গত? অন্যদিকে রেশমি চৌধুরীর মতো অনেক পর্যটকের বক্তব্য, সমুদ্রের নিরাপত্তা ও প্রাণ বাঁচানোর তাগিদে স্বাস্থ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত বিজ্ঞানসম্মত ও ইতিবাচক পদক্ষেপ।

​নিরাপত্তার খাতিরে ঐতিহ্যবাহী পোশাক ছেড়ে সমুদ্রে নির্দিষ্ট সুইমস্যুট পরা কি সত্যিই প্রয়োজনীয়, নাকি পোশাকে ছাড় দেওয়াই শ্রেয়? এই নিয়ে এখন সরগরম সমুদ্রনগরী।

No comments