নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: মহিলাদের স্বাস্থ্য রক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ময়নার স্বেচ্ছাসেবী সংস্থা ‘দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-কে জেলা স্বাস্থ…
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: মহিলাদের স্বাস্থ্য রক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ময়নার স্বেচ্ছাসেবী সংস্থা ‘দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-কে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে দেওয়া হল বিশেষ সম্মাননা।
পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার সংস্থার সভাপতি কমলকান্ত ভৌমিকের হাতে সম্মাননা শংসাপত্র তুলে দেন। এই সম্মাননা প্রদানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. বিভাস চন্দ্র রায়-সহ জেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
বিশেষত জেলার কিশোরী ও মহিলাদের স্বাস্থ্য রক্ষা এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত প্রচার কার্যক্রমে সংস্থাটি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। ময়নার রামচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোনাচক গ্রামে স্যানিটারি প্যাড এটিএম বসানোর মতো অভিনব ও উদ্ভাবনী উদ্যোগের কথা সরকারি শংসাপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়।
দীর্ঘদিন ধরেই সংস্থাটি সামাজিক বিভিন্ন সংস্কার ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। মহিলাদের স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত সামাজিক সংকোচ ও কুসংস্কার দূর করে সঠিক অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তাদের এই দীর্ঘায়িত কাজের সরকারি স্বীকৃতি পেয়ে আপ্লুত সংগঠনের সদস্য ও কর্মীরা।সংস্থার প্রতিনিধি শান্তনু ভৌমিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, “জেলা স্বাস্থ্য দপ্তরের এই সম্মাননা আমাদের কাজের উৎসাহ বহুগুণ বাড়িয়ে দিল। গ্রামীণ অঞ্চলের মহিলাদের কুসংস্কারমুক্ত করা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সকলকেই একযোগে এগিয়ে আসতে হবে। সঠিক স্বাস্থ্যবিধি মানলে জেলায় মহিলাদের জরায়ু ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আমাদের লক্ষ্য, এই প্যাড এটিএম কেবল ময়নায় সীমাবদ্ধ না রেখে পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লকে তথা সমগ্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া।”



No comments