Nandigram : চার দফা দাবিতে নন্দীগ্রামে ডেপুটেশন এনএইচএম ও আউটসোর্সড স্বাস্থ্য কর্মীদের, আন্দোলনের হুঁশিয়ারি! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Nandigram : চার দফা দাবিতে নন্দীগ্রামে ডেপুটেশন এনএইচএম ও আউটসোর্সড স্বাস্থ্য কর্মীদের, আন্দোলনের হুঁশিয়ারি!

Newz Bangla, নন্দীগ্রাম: দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায্য দাবিদাওয়া নিয়ে এবার সোচ্চার হলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনস্থ এনএইচএম (NHM) ও আউটসোর্সড স্বাস্থ্য কর্মীরা। মঙ্গলবার নিজেদের কাজ বজায় রেখেই তাঁরা মুখ্য স…

 


Newz Bangla, নন্দীগ্রাম: দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায্য দাবিদাওয়া নিয়ে এবার সোচ্চার হলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনস্থ এনএইচএম (NHM) ও আউটসোর্সড স্বাস্থ্য কর্মীরা। মঙ্গলবার নিজেদের কাজ বজায় রেখেই তাঁরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)-এর কাছে একটি ডেপুটেশন জমা দেন।

​স্বাস্থ্য কর্মীদের মূল অভিযোগ, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে তাঁরা মেরুদণ্ড হিসেবে কাজ করে চললেও, এখনও চরম বৈষম্য ও নিরাপত্তাহীনতার শিকার। চুক্তিভিত্তিক অনিশ্চিত চাকরি, বৈষম্যমূলক বেতন কাঠামো এবং অবসরকালীন ও চিকিৎসাসংক্রান্ত কোনো সুবিধা না পাওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ দীর্ঘদিনের। সাম্প্রতিক রাজ্য বাজেটেও তাঁদের এই জ্বলন্ত সমস্যাগুলির কোনো প্রতিফলন বা সমাধানের পথ না মেলায় কর্মীদের সেই ক্ষোভ ও হতাশা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

​এই আন্দোলনের মাধ্যমে মূলত চারটি প্রধান দাবি প্রশাসনের সামনে তুলে ধরেছেন আন্দোলনকারী স্বাস্থ্য কর্মীরা:

১) এনএইচএম ও আউটসোর্সড কর্মীদের স্থায়ীভাবে নিয়মিতকরণ বা রাজ্য সরকারের অধীনে সরাসরি অন্তর্ভুক্ত করা।

২) 'সমান কাজের জন্য সমান মজুরি' নীতি নিশ্চিত করা।

৩) উপযুক্ত বেতন কাঠামো গঠন এবং অবসরকালীন সুবিধা ও স্বাস্থ্যবিমাসহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা সুবিধা প্রদান।

৪) প্রত্যেক কর্মীর চাকরির ১০০ শতাংশ নিরাপত্তা নিশ্চিত করা।

​ডেপুটেশন প্রদান শেষে কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের মাধ্যমে তাঁরা রাজ্য সরকারের কাছে এই ন্যায্য দাবিগুলি পৌঁছে দিলেন। যদি সরকার দ্রুত এই বিষয়ে ইতিবাচক ও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে, তবে তাকে স্বাগত জানানো হবে। অন্যথায়, আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র গণতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নেওয়া হবে বলে তাঁরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন।

​এই ডেপুটেশন প্রসঙ্গে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমওএইচ (Dy. CMOH-I) ড. শঙ্কর প্রসাদ মাহাতো জানান, "ওনারা (স্বাস্থ্য কর্মীরা) এনএইচএম এবং আউটসোর্সড এমপ্লয়ি, ওনারা এসেছিলেন ওনাদের কিছু দাবিদাওয়া নিয়ে। দাবিদাওয়া তো সবাই জানাতেই পারে, জানিয়েছেন। আমরা আমাদের জেলার তরফ থেকে এই দাবিগুলি স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেব।"


No comments