নিউজবাংলা, হলদিয়া : রাজ্যের ক্ষমতায় এসেই মহিলাদের বিনামূল্যে বাস যাত্রা'র কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণা যে শুধু কথার কথা নয়, তা এবার হাতেনাতে প্রমাণ হয়ে গেল। আর এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেল রাজ…
নিউজবাংলা, হলদিয়া : রাজ্যের ক্ষমতায় এসেই মহিলাদের বিনামূল্যে বাস যাত্রা'র কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণা যে শুধু কথার কথা নয়, তা এবার হাতেনাতে প্রমাণ হয়ে গেল। আর এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেল রাজ্যে। আজ, সোমবার থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে চালু হয়ে গেল সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত পরিষেবা। পূর্ব মেদিনীপুর জেলাও এর ব্যতিক্রম নয়। আজ সকাল থেকেই জেলার বিভিন্ন সরকারি বাস ডিপো চত্বরে দেখা গেল উৎসবের আমেজ।
সোমবার সকালে হলদিয়ার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (SBSTC)-এর বাস ডিপোতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে প্রতীকী হিসেবে মহিলা যাত্রীদের হাতে ‘শূন্য টাকা মূল্যের টিকিট’ (Zero-Value Ticket) তুলে দিয়ে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলী। শুধু হলদিয়াই নয়, দীঘা সহ জেলার প্রতিটি সরকারী বাস ডিপোতেই এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল।
দপ্তরের নতুন নিয়মাবলি:
১. পরিচয়পত্র যাচাই: মহিলাদের আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সরকারি ছবিসহ পরিচয়পত্র দেখাতে হবে।
২. জিরো-ভ্যালু টিকিট: কন্ডাক্টররা অশোকস্তম্ভ সম্বলিত বিশেষ 'শূন্য টাকা মূল্যের টিকিট' ইস্যু করবেন।
৩. দূরত্বের সীমা নেই: স্বল্প দূরত্ব বা দূরপাল্লার— সমস্ত রাজ্য সরকারি বাসেই এই সুবিধা প্রযোজ্য।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, আগে এই নিখরচায় ভ্রমণের সুবিধা পেতেন কেবল সাংসদ, বিধায়ক, অর্জুন পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ, বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং থ্যালাসেমিয়া বা এইচআইভি আক্রান্ত রোগীরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজ্যের কোটি কোটি সাধারণ মহিলা।
আজ প্রথম দিনের অভিজ্ঞতায় বাস সফরকারী একাধিক মহিলা যাত্রী জানান, কর্মক্ষেত্র কিংবা শিক্ষার প্রয়োজনে যাঁদের রোজ বাসে যাতায়াত করতে হয়, এই সিদ্ধান্তের ফলে তাঁদের পকেটের মাসিক খরচে মস্ত বড় সাশ্রয় হবে। তবে প্রথম প্রথম এই নিয়ম সামলাতে যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, তার জন্য কন্ডাক্টর ও চালকদের উদ্দেশে নবান্নের পক্ষ থেকে ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী দিনে এই যাতায়াত আরও মসৃণ করতে একটি বিশেষ 'স্মার্ট পিঙ্ক কার্ড' (Smart Pink Card) চালুর ভাবনাও রয়েছে বলে সূত্রের খবর।
পরিষেবা চালু হওয়ার প্রথম দিনে হলদিয়া শিল্পাঞ্চল থেকে শুরু করে দীঘা পর্যটন কেন্দ্র— সব জায়গাতেই সরকারি বাসগুলিতে মহিলা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবহণ বিশেষজ্ঞদের মতে, দৈনিক যাতায়াতের খরচ কমার পাশাপাশি এর ফলে রাজ্যের পর্যটন ব্যবসাতেও একটি ইতিবাচক জোয়ার আসবে।
No comments