লস্ট ইনক্রিমেন্ট রেস্টোরেশনের দাবিতে রাজ্যজুড়ে ডিআই অফিসে ডেপুটেশন এপিজিটিডব্লিউএ-র, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আশায় বুক বাঁধছেন শিক্ষকেরা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

লস্ট ইনক্রিমেন্ট রেস্টোরেশনের দাবিতে রাজ্যজুড়ে ডিআই অফিসে ডেপুটেশন এপিজিটিডব্লিউএ-র, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আশায় বুক বাঁধছেন শিক্ষকেরা !

২০১৫ সালের জুলাইয়ের পর তৈরি হওয়া জট কাটানোর আর্জি; ২০ শতাংশ ডিএ ঘোষণার আবহে পূর্ণ আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হাজার হাজার শিক্ষক। ​Newz Bangla, পূর্ব মেদিনীপুর : লস্ট ইনক্রিমেন্ট রিস্টোরেশন (Lost Increment Restoration) বা বকেয়া বেতন…

২০১৫ সালের জুলাইয়ের পর তৈরি হওয়া জট কাটানোর আর্জি; ২০ শতাংশ ডিএ ঘোষণার আবহে পূর্ণ আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হাজার হাজার শিক্ষক।

​Newz Bangla, পূর্ব মেদিনীপুর : লস্ট ইনক্রিমেন্ট রিস্টোরেশন (Lost Increment Restoration) বা বকেয়া বেতন বৃদ্ধির পুনর্বহাল সহ একাধিক ন্যায়সম্মত দাবিতে সরব হল অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (APGTWA)। আজ, ৩০ শে জুন সংগঠনের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা সহ সমগ্র রাজ্যের বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শক (DI)-এর অফিসে স্মারকলিপি বা ডেপুটেশন প্রদান করা হয়। তমলুক ডিআই অফিসে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষকদের স্পষ্ট দাবি— অবিলম্বে লস্ট ইনক্রিমেন্ট রিস্টোরেশনের জন্য নতুন নোটিফিকেশন প্রকাশ করতে হবে স্কুল শিক্ষা দপ্তরকে।

​আন্দোলনরত শিক্ষকদের বক্তব্য, বিএড (B.Ed.) প্রশিক্ষণ সংক্রান্ত প্রশাসনিক জটিলতা এবং এনসিটিই (NCTE)-এর নিয়মের মারপ্যাঁচে সময়মতো প্রফেশনাল ডিগ্রি বা যোগ্যতা অর্জন করতে না পারায় রাজ্যের কয়েক হাজার উচ্চমাধ্যমিক শিক্ষক-শিক্ষিকা দীর্ঘ বছর ধরে 'লস্ট ইনক্রিমেন্ট' সমস্যায় ভুগছেন। এর ফলে প্রতি মাসে তাঁদের একটি বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষকদের অভিযোগ, পূর্বতন সরকারের আমলে বিগত নোটিফিকেশনগুলিতে (যেমন 118-SE, ০৬.০২.২০১৮ এবং 806-SE, ০৮.০৭.২০১৯) ১.৭.২০১৫ পর্যন্ত কর্মরত শিক্ষকদের লস্ট ইনক্রিমেন্ট রিস্টোর করে দেওয়া হলেও, সেই সময়সীমা পরবর্তী সময়ে আর বৃদ্ধি করা হয়নি। ফলে ২০১৫ সালের জুলাই মাসের পর থেকে আজ পর্যন্ত যে সমস্ত শিক্ষকেরা এই সমস্যায় পড়েছেন, তাঁদের বিষয়ে সম্পূর্ণ উদাসীন ছিল বিগত সরকার। বারবার দাবি জানানো সত্ত্বেও পূর্বতন কর্তৃপক্ষ কোনও কর্ণপাত করেনি।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল শিক্ষার মানোন্নয়ন, টেট (TET) সমস্যার সমাধান কিংবা স্বচ্ছ বদলি নীতি সহ একাধিক দাবি থাকলেও, বর্তমান আন্দোলনের মূল ভরকেন্দ্র হলো 'Lost Increment Restoration'। ১.৭.২০১৫-এর পর থেকে আজ পর্যন্ত বঞ্চিত থাকা শিক্ষকদের বকেয়া ইনক্রিমেন্ট ফিরিয়ে দেওয়ার জন্য অতিসত্বর নতুন সরকারি বিজ্ঞপ্তি জারি করার জোরালো দাবি তোলা হয়েছে এই ডেপুটেশনে।

​বর্তমান পরিস্থিতিতে নতুন সরকারের উপর গভীর আস্থা প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষক মহল। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা থেকে নির্বাচিত রাজ্যের জনদরদী ও কর্মচারী দরদী মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সাম্প্রতিক পদক্ষেপ তাঁদের আশার আলো দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ (20%) মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করেছেন, যা কর্মচারী মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। কিন্তু লস্ট ইনক্রিমেন্টের জাঁতাকলে আটকে থাকা হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা এই ঐতিহাসিক ঘোষণার পূর্ণ আর্থিক সুবিধা উপভোগ করতে পারছেন না।

​শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, "মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এবং শিক্ষক-শিক্ষিকারা স্বচ্ছ ভোট পরিচালনা এবং সরকারের নীতি রূপায়ণে নিরলস পরিশ্রম করেছেন। আমরা অত্যন্ত আশাবাদী যে এই নতুন সরকার আমাদের প্রতি সদয় হবে।" শিক্ষকদের পক্ষ থেকে অবিলম্বে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যাতে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার আগেই শিক্ষা দপ্তর থেকে লস্ট ইনক্রিমেন্ট রেস্টোরেশনের নোটিফিকেশন জারি করা হয় এবং বঞ্চিত শিক্ষকেরা তাঁদের ন্যায্য আর্থিক অধিকার ফিরে পান।


No comments