নিউজবাংলা, কলকাতা : রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এক বড়সড় পদক্ষেপ করল নতুন সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল রাজ্য সরকার। রবিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জ…
নিউজবাংলা, কলকাতা : রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এক বড়সড় পদক্ষেপ করল নতুন সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল রাজ্য সরকার। রবিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থদপ্তরের তরফে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ ‘এ’ থেকে শুরু করে গ্রুপ ‘ডি’— সব স্তরের চাকরিতেই আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা এক ধাক্কায় বেশ কয়েক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ১১ মে থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসার পরেই সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছিল। সেই প্রতিশ্রুতি রেখেই রবিবার নবান্ন থেকে এই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হলো। এর জন্য ইতিমধ্যেই রাজ্যের 'সার্ভিস রুল'-এ প্রয়োজনীয় আইনি সংশোধন ও পরিবর্তন আনা হয়েছে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশোধিত বয়সসীমার বিন্যাসটি নিম্নরূপ:
- গ্রুপ ‘এ’ পদ: আবেদনের সর্বোচ্চ বয়স বাড়িয়ে করা হয়েছে ৪১ বছর।
- গ্রুপ ‘বি’ পদ: আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে ৪৪ বছর।
- গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদ: এই দুই স্তরের পদের ক্ষেত্রে প্রার্থীরা সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরে এই রাজ্যে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে ছিল বা বন্ধের মুখে পড়েছিল। যার জেরে বহু চাকরিপ্রার্থীই পরীক্ষা দেওয়ার বয়স হারিয়ে ফেলছিলেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যে কর্মসংস্থান ও বন্ধ থাকা সরকারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত চালু করার ওপর বিশেষ জোর দেওয়ার কথা জানিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সরকারের এই নতুন বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্তের ফলে রাজ্যের একটা বড় অংশের কর্মহীন ও যোগ্য যুবক-যুবতী নতুন করে সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ পাবেন, যা নিঃসন্দেহে তাঁদের বড়সড় স্বস্তি দেবে।
#JobUpdate #GovernmentJobs #WestBengalJobs #চাকরিরখবর #NewzBangla

No comments