নিউজবাংলা, মহিষাদল: রাজ্যে রাজনৈতিক পালাবদলের হাওয়া লাগতেই এ বার ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের দুর্গে ফাটল ধরল। কয়েক দশকের আধিপত্য হারিয়ে মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদ এখন গেরুয়া শিবিরের দখলে। মঙ্গলবার দুপুরে অখিল ভারতীয় বিদ্যার্থী…
নিউজবাংলা, মহিষাদল: রাজ্যে রাজনৈতিক পালাবদলের হাওয়া লাগতেই এ বার ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের দুর্গে ফাটল ধরল। কয়েক দশকের আধিপত্য হারিয়ে মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদ এখন গেরুয়া শিবিরের দখলে। মঙ্গলবার দুপুরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর কর্মী-সমর্থকরা দল বেঁধে কলেজে ঢুকে ছাত্র পরিষদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে নিজেদের পতাকা উত্তোলন করেন। বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এ দিন দুপুরে এবিভিপি-র জেলা প্রমুখ সায়ন পন্ডার নেতৃত্বে ছাত্র প্রতিনিধিরা কলেজ চত্বরে মিছিল করে ঢোকেন। অভিযোগ, তাঁরা টিএমসিপি-র ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে দেন। এর পরেই ছাত্র সংসদের ঘরে এবিভিপি-র পতাকা লাগিয়ে দেওয়া হয়। দীর্ঘ কয়েক দশক ধরে এই কলেজ প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের দখলে ছিল। এ দিনের এই ‘দখল’ অভিযানকে কেন্দ্র করে বাম-তৃণমূল দুই শিবিরের মধ্যেই অস্বস্তি তৈরি হয়েছে।
এবিভিপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ পড়ুয়ারা টিএমসিপি এবং এসএফআই-এর হাতে লাঞ্ছিত হয়েছেন। সায়ন পন্ডার অভিযোগ, “বহু বছর ধরে টিএমসিপি এবং সিপিএম সাধারণ ছাত্রছাত্রীদের সব সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়েছিল। কলেজের ওপর রীতিমতো দাপট দেখিয়ে সাধারণ পড়ুয়া, এমনকি অধ্যাপক ও কর্মীদের ওপরও অত্যাচার চালানো হতো। আজ সেই অশুভ শক্তির বিনাশ হয়েছে।”
এবিভিপি-র দাবি, এর আগে যারা বিদ্যার্থী পরিষদের সদস্য হতে চেয়েছেন, তাঁদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এবার থেকে মহিষাদল রাজ কলেজের প্রতিটি ছাত্রছাত্রীর সুবিধা-অসুবিধার পাশে এবিভিপি থাকবে বলে তারা আশ্বাস দিয়েছে। জেলা প্রমুখের হুঁশিয়ারি, “তৃণমূলের এই অত্যাচারের অবসান ঘটাতেই আমরা একে একে সমস্ত কলেজের দখল নিচ্ছি।”
রাজ্যে তৃণমূলের এই বিপর্যয়ের খবরে উল্লসিত গেরুয়া শিবিরের ছাত্র প্রতিনিধিরা। তবে এই দখলদারি ঘিরে মহিষাদলে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দানা বেঁধেছে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও কড়া প্রতিক্রিয়া মেলেনি।
কি ঘটেছে দেখুন সেই মুহুর্তের ভিডিও :
#MahishadalRajCollege #ABVPBengal #TMCP #WestBengalPolitics #BJPYuvaMorcha #StudentPolitics #Mahishadal #PurbaMedinipur #BengalElectionResult2026 #PoliticalShift
No comments