নিউজবাংলা, তমলুক : প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক পার্থপ্রতিম নাগ। সোমবার তমলুকের ডাকবাংলো এলাকায় নিজস্ব বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ সময় তিনি বামপন্থী মুখপত্র ‘গণশক্তি’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছ…
দীর্ঘদিন আলিমুদ্দিন স্ট্রিটের রাজ্য দফতরেই থাকতেন পার্থবাবু। বাম রাজনীতির অন্দরমহলে তিনি অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। বিশেষত, বর্ষীয়ান বাম নেতা বিমান বসুর অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হিসেবেই রাজনৈতিক বৃত্তে পরিচিত ছিলেন তিনি। তবে গত কিছু সময় ধরে বার্ধক্যজনিত অসুস্থতা তাঁকে কাবু করেছিল। অসুস্থতার কারণেই শেষ জীবনে তিনি তমলুকের বাড়িতে ফিরে যান।
আজীবন মানুষের অধিকারের কথা লিখে যাওয়া এই কলমযোদ্ধা মৃত্যুর পরেও আর্তের সেবায় নিজেকে উৎসর্গ করে গিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্থবাবুর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর চক্ষুদান করা হয়েছে। ইতিমধ্যেই রামপুর চক্ষু হাসপাতালের প্রতিনিধিরা এসে তাঁর কর্নিয়া সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর দেহ দানের অঙ্গীকারও করে গিয়েছিলেন। বর্তমানে সেই আইনি ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।
পার্থপ্রতিম নাগের মৃত্যুসংবাদ পৌঁছাতেই শোকস্তব্ধ হয়ে পড়ে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল আলিমুদ্দিন। তাঁর অমায়িক ব্যবহার ও সাংবাদিকতায় নিষ্ঠার কথা স্মরণ করছেন সহকর্মীরা। তমলুকের পাড়া-প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন কেবল এক সফল সাংবাদিক নন, বরং এক ‘ভালো মানুষ’।
পার্থদার চলে যাওয়ায় একনিষ্ঠ ও প্রচারবিমুখ এক সাংবাদিককে হারাল রাজ্য। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সংবাদ জগতের বিশিষ্টরা। আজ বিকেলেই গণশক্তি পত্রিকার বিশিষ্ট সাংবাদিকদের উপস্থিতিতে তাঁর দেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
No comments