নিউজবাংলা, তমলুক : বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে উত্তাপ। চড়া রোদের পাশাপাশি ভোট উত্তাপেও তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুরের ভোট রাজনীতি। একদিকে বুথে বুথে চষে বেড়াচ্ছেন শুভেন্দু, হুঁশিয়ারী দিচ্ছেন তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে। আবার অন্যদিকে …
নিউজবাংলা, তমলুক : বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে উত্তাপ। চড়া রোদের পাশাপাশি ভোট উত্তাপেও তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুরের ভোট রাজনীতি। একদিকে বুথে বুথে চষে বেড়াচ্ছেন শুভেন্দু, হুঁশিয়ারী দিচ্ছেন তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে। আবার অন্যদিকে হলদিয়ায় বিজেপি প্রার্থী প্রদীপ বিজলিকেই প্রকাশ্যে হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
খবর আসছে চন্ডীপুর বিধানসভা এলাকা থেকেও। সেখানেও বিজেপি প্রার্থী হেনস্থার শিকার বলে খবর। ময়নায় আবার ভোটের উত্তাপ আছড়ে পড়েছে তৃনমূল প্রার্থী চন্দন মন্ডলের ওপর। ময়নার গোড়ামহল গ্রামে বুথে যাওয়ার সময় তৃণমূল প্রার্থী চন্দন মন্ডলকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়।
বেলার দিকে খবর আসে ময়নার বাকচা এলাকা থেকে। এখানকার একটি বুথে সমস্ত দলের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। খবর পেয়ে ছুটে যান বিজেপি প্রার্থী অশোক দিন্ডা। তাঁর অভিযোগ প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে এজেন্টদের বাইরে বের করে দিয়ে ভোট করানো হয়েছে।
অশোকের উপস্থিতিতেও পরিস্থতির বদল ঘটেনি। অবশেষে অশোকের দীর্ঘ সময়ের চেষ্টার পর অবশেষে এজেন্টদের বুথে ঢোকানো সম্ভব হয়েছে।
এদিকে বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ শুভেন্দুর কনভয় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পৌঁছানের পর বুথে দাঁড়িয়ে শুভেন্দু হুঁশিয়ারী দেন আমিরুলকে জেলে পাঠিয়েছি। আমাকে ২০২১ এ এই বুথে আসতে দেয়নি। এবার আমি এই বুথে এসে দাঁড়িয়েছি। ঠিক এভাবেই আজ সকাল থেকে তৃণমূলের ডিপোয় ঢুকে শুভেন্দু হুঁশিয়ারী দিয়ে চলেছেন।
শুভেন্দু অধিকারী বুথ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার উন্নয়নে গত ৫ বছর কোনও কাজ হয়নি বলেই ভোটারদের দাবী। শুধু ধর্মীয় মেরুকরণ ছাড়া উন্নয়নের কোনও কাজ শুভেন্দু করেননি বলেই গ্রামবাসীদের দাবী।
তবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে৷ প্রতিটি বিধানসভাতেই কোনও অশান্তি ছাড়াই ভোট সম্পন্ন হচ্ছে। কঠোর সুরক্ষা ব্যবস্থার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় এবার রক্তপাতহীন ভোট সম্পন্ন হচ্ছে বলেই প্রশাসনের মত। বেলা ১১টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে প্রায় ৪৩ শতাংশ ভোট হয়েছে বলে জানা গেছে।

No comments