নিজস্ব সংবাদদাতা | কলম্বো : আকাশে মেঘের ঘনঘটা ছিল, ছিল বৃষ্টির ভ্রুকুটিও। কিন্তু কলম্বোর মাঠে রবিবাসরীয় সন্ধ্যায় যা নামল, তাকে স্রেফ ‘ভারতীয় দাপট’ বললেও কম বলা হয়।ঈশান কিশানের চওড়া ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি গড়া আর তারপর স্পিনে…
নিজস্ব সংবাদদাতা | কলম্বো : আকাশে মেঘের ঘনঘটা ছিল, ছিল বৃষ্টির ভ্রুকুটিও। কিন্তু কলম্বোর মাঠে রবিবাসরীয় সন্ধ্যায় যা নামল, তাকে স্রেফ ‘ভারতীয় দাপট’ বললেও কম বলা হয়।
ঈশান কিশানের চওড়া ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি গড়া আর তারপর স্পিনের ভেলকিতে পাকিস্তানকে কার্যত শাসন করা— হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের ধরাশায়ী করে দাপটের সঙ্গেই জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় স্পিন-আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। মাত্র ১১৪ রানেই গুটিয়ে গেল পাকিস্তানের হুংকার।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। শুরুতেই ধাক্কা খায় ভারত। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন তরুণ ওপেনার অভিষেক শর্মা। রান পাননি হার্দিক পাণ্ডা (০)।
অধিনায়ক সূর্যকুমার যাদব (৩২), তিলক বর্মা (২৫) এবং শিবম দুবে (২৭) ইনিংস গড়ার চেষ্টা করলেও পাক স্পিনারদের দাপটে কেউই বড় রান করতে পারেননি। এক সময় মনে হচ্ছিল দেড়শো রানও দূরঅস্ত।
ঠিক তখনই মঞ্চে আবির্ভাব ঈশান কিশানের। ১০টি চার এবং ৩টি ছক্কায় সাজানো তাঁর ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষবেলায় রিঙ্কু সিংয়ের ৪ বলে ১১ রানের ক্যামিও ভারতকে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়।
১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই দিশেহারা দেখায় পাক টপ-অর্ডারকে। ভারতীয় বোলারদের বিষাক্ত স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি সাহিবজাদা ফারহান (০), সাইম আয়ূব (৬), বাবর আজম (৫) এবং স্বয়ং অধিনায়ক সলমন (৪)। মাত্র কয়েক ওভারের মধ্যেই টপ-ফোর সাজঘরে ফেরায় ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে চলে আসে।
পাক ইনিংসের একমাত্র লড়াইটা লড়ছিলেন উসমান খান। কিন্তু ৩৪ বলে ৪৪ রান করে তিনিও যখন বিপজ্জনক হয়ে উঠছেন, তখনই অক্ষর প্যাটেলের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে ভুলটি করেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা সজাগ ঈশান কিশান স্টাম্প করতে ভুল করেননি। উসমানের বিদায়ের সঙ্গেই পাকিস্তানের শেষ আশাটুকুও নিভে যায়।
ভারতীয় বোলারদের সম্মিলিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। ভারতের হয়ে বল হাতে ভেলকি দেখালেন প্রত্যেকেই। বুমরা, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলের সংগ্রহ ২টি করে উইকেট, অন্যদিকে হার্দিক, কুলদীপ যাদব, তীলক ভার্মার সংগ্রহ একটি করে উইকেট।

No comments