Bangladesh Election2026 : এপার বাংলার নজর এখন ঢাকার ব্যালটে; গণতন্ত্রের নবোদয় নাকি মৌলবাদের ভ্রুকুটি? উত্তর দেবে আজকের ভোট। - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Bangladesh Election2026 : এপার বাংলার নজর এখন ঢাকার ব্যালটে; গণতন্ত্রের নবোদয় নাকি মৌলবাদের ভ্রুকুটি? উত্তর দেবে আজকের ভোট।

নিুজবাংলা, ঢাকা: তপ্ত রোদ নয়, এক অদ্ভুত রাজনৈতিক গুমোটের মধ্যে দিয়ে বৃহস্পতিবার ভোরে ঘুম ভাঙল বাংলাদেশের। দীর্ঘ দেড় দশকের ‘হাসিনা-যুগ’ অবসানের পর এই প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে পদ্মা-মেঘনা-যমুনা পাড়ের মানুষ। তবে আওয়ামি লিগ …

 


নিুজবাংলা, ঢাকা: তপ্ত রোদ নয়, এক অদ্ভুত রাজনৈতিক গুমোটের মধ্যে দিয়ে বৃহস্পতিবার ভোরে ঘুম ভাঙল বাংলাদেশের। দীর্ঘ দেড় দশকের ‘হাসিনা-যুগ’ অবসানের পর এই প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে পদ্মা-মেঘনা-যমুনা পাড়ের মানুষ। তবে আওয়ামি লিগ হীন এই নির্বাচনে উত্তেজনার পারদ যেমন চড়েছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সংশয়। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের ভিড় থাকলেও, বাতাসে ভাসছে ‘ছাপ্পা’ আর ‘বুথ দখলের’ আশঙ্কাজনক সব খবর।

​জামাতের বিরুদ্ধে ‘ছাপ্পা’র তোপ

​ভোটের দিন শুরু হতেই সমাজমাধ্যমে চাঞ্চল্য ছড়িয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর শেয়ার করা একটি ভিডিও ঘিরে সরগরম ওপার বাংলার রাজনীতি। অভিযোগ, বুধবার রাত থেকেই জামাত-ই-ইসলামির সমর্থকরা একাধিক বুথ দখল করে দেদার ছাপ্পা ভোট দিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি, তবে বুথ দখল আর জাল ভোটের অভিযোগে ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটারদের অনেকেরই ফিসফাস, “আওয়ামি নেই তো কী হয়েছে, পেশ পেশি আর ছাপ্পার সংস্কৃতি কি তবে বদলাবে না?”

​কড়া শাসনে সিরাজগঞ্জ

​নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে অ্যাকশনে নেমেছে প্রশাসন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে বড় চমক মিলেছে একটি ভোটকেন্দ্রে— খোদ প্রিসাইডিং অফিসার আবুল খায়ের শেখকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা দিতেই নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

​নাহিদ ইসলামের আত্মবিশ্বাস

​ঢাকা-১১ আসনের লড়াই এবার আকর্ষণের কেন্দ্রে। সেখানে শাপলা কলি প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন এনসিপির আহ্বায়ক তথা ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নাহিদ ইসলাম। সকালে এ কে এম রহমতউল্লা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি ১১-দলীয় জোট সরকার গঠনের দোরগোড়ায় দাঁড়িয়ে। ভোট সুষ্ঠু হলে জয় আমাদেরই হবে। তবে জনগণের রায় যাই হোক, আমরা তা মাথা পেতে নেব।” ওই একই আসনে ধানের শীষ নিয়ে লড়ছেন বিএনপির এম এ কাইয়ুম এবং হাতপাখা নিয়ে নেমেছেন শেখ ফজলে বারি মাসুদ।

​এক নজরে ভোটের খতিয়ান

​নির্বাচন কমিশন সূত্রের খবর, এবারের লড়াইয়ে কোনো খামতি রাখা হয়নি। একনজরে দেখে নেওয়া যাক ভোটচিত্র:

  • মোট ভোটার: ১২ কোটি ৭৭ লক্ষ ১১ হাজার ৮৯৩ জন।
  • ভোটকেন্দ্র: ৪২ হাজার ৭৭৯টি।
  • ভোটকক্ষ: ২ লক্ষ ৪৭ হাজার ৪৮২টি।
  • প্রার্থী: ২ হাজার ২৮ জন (রাজনৈতিক দলের ১,৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৩ জন)।
  • মহিলা প্রার্থী: মাত্র ৮৩ জন।

​প্রশ্নবিদ্ধ জুলাই সনদ ও আগামীর বাংলাদেশ

​এদিন শুধু সাংসদ নির্বাচন নয়, সঙ্গেই চলছে ‘জুলাই সনদ’ কার্যকরের বিষয়ে গণভোট। ২৯৯টি আসনে (শেরপুর-৩ স্থগিত) যখন ভোটগ্রহণ চলছে, তখন সাধারণ মানুষের মনে ঘনিয়ে আসছে অশনাসঙ্কেত। আওয়ামি লিগহীন এই ময়দানে শেষমেশ টেক্কা দেবে কে? বিএনপি না জামাত? প্রতিবেশী ভারতের চোখও এখন ঢাকার দিকে। প্রশ্ন উঠছে, এই নির্বাচনের পর বাংলাদেশ কি আধুনিক গণতন্ত্রের পথে হাঁটবে, নাকি ইরান-আফগানিস্তানের মতো কোনো ধর্মতাত্ত্বিক রাষ্ট্রের ছায়ায় ঢাকা পড়বে? উত্তর লুকিয়ে আজ বিকেলের ব্যালট বাক্সে।

#BangladeshElection2026 #BangladeshVotes ​#বাংলাদেশ_নির্বাচন​#ত্রয়োদশ_জাতীয়_সংসদ_নির্বাচন #NewzBangla ​#ElectionWithoutAL


No comments