নিউজবাংলা, কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না করার অভিযোগে বড়সড় আইনি বিপাকে রাজ্য সরকার। আদালতের নির্দেশ সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না করায় রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে …
নিউজবাংলা, কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না করার অভিযোগে বড়সড় আইনি বিপাকে রাজ্য সরকার। আদালতের নির্দেশ সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না করায় রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস পাঠাল মামলাকারী কর্মচারী সংগঠনগুলি। শুক্রবার এই পদক্ষেপের কথা সামনে আসতেই প্রশাসনিক অন্দরে শোরগোল পড়ে গিয়েছে।
মামলাকারী সংগঠনগুলির দাবি, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট তার রায়ে স্পষ্ট জানিয়েছিল যে, বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে হবে। আদালতের নির্দেশে ‘অবিলম্বে’ শব্দের ব্যাখ্যা ছিল— ‘যত দ্রুত সম্ভব’। কিন্তু নির্দেশের পর বেশ কিছুদিন অতিক্রান্ত হলেও নবান্নের তরফে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর আইনজীবী ফিরদৌস শামিম এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, রায়ের কপি ঘোষণার দিনই সরকারের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কাজ না হওয়ায় তাঁরা এই আইনি নোটিস পাঠাতে বাধ্য হয়েছেন। সুদীপ্তবাবুর বক্তব্য, “আদালত তিন দিনের মধ্যে নির্দেশ পালনের কথা বললেও তা গুরুত্ব দেয়নি রাজ্য।”
সংগঠনের সভাপতি শ্যামলকুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের অভিযোগ আরও কড়া। তাঁদের দাবি, আদালত যখন রায় দেয়নি, তখন এক শুনানিতে রাজ্য সরকার জানিয়েছিল যে তারা কর্মীদের হাতে টাকা না দিয়ে আদালতের কাছে গচ্ছিত রাখতে চায়। তাঁদের প্রশ্ন— “যদি গচ্ছিত রাখার টাকা থাকে, তবে তা মেটাতে কেন এই তালবাহানা?” কর্মচারী মহলের একাংশের ধারণা, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার (রিভিউ পিটিশন) আবেদন করলেও তাতে লাভের লাভ কিছুই হবে না।
অন্যদিকে, ডিএ নিয়ে সরাসরি মুখ না খুললেও গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে। তবে সেই কমিটির কাজ কতদূর এগিয়েছে বা এর ভবিষ্যৎ কী, সে বিষয়ে সরকারিভাবে এখনও কোনও উচ্চবাচ্য করা হয়নি। এমনকি সাম্প্রতিক সাংবাদিক বৈঠকেও মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ প্রসঙ্গটি ‘বিচারাধীন’ বলে এড়িয়ে গিয়েছেন। রাজ্য ও কর্মচারীদের এই টানাপড়েন এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।
#DAUpdate #WestBengalNews #SupremeCourtVerdict #DearnessAllowance #WBGovtEmployees #DA_মামলা #বকেয়া_ডিএ_চাই #JusticeForEmployees #সংগ্রামী_যৌথ_মঞ্চ #NewzBangla

No comments