নিউজবাংলা, নিউদিল্লী : সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নির্বাচন কমিশন। রাজ্যের ভোটার তালিকা সংশোধন বা ‘এসআইআর’ (SIR) নিয়ে দীর্ঘ টানাপড়েন এবার আছড়ে পড়ল দেশের শীর্ষ আদালতে। রবিবার দিল্লি পৌঁছেই নির্বাচন কমিশন এবং রাজ্যের সিইও …
নিউজবাংলা, নিউদিল্লী : সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নির্বাচন কমিশন। রাজ্যের ভোটার তালিকা সংশোধন বা ‘এসআইআর’ (SIR) নিয়ে দীর্ঘ টানাপড়েন এবার আছড়ে পড়ল দেশের শীর্ষ আদালতে। রবিবার দিল্লি পৌঁছেই নির্বাচন কমিশন এবং রাজ্যের সিইও (CEO) দপ্তরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করলেন মুখ্যমন্ত্রী। তবে প্রশাসনিক প্রধান হিসেবে নয়, এই আইনি লড়াইয়ে তিনি অবতীর্ণ হয়েছেন ‘ব্যক্তি’ মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে।
রাজনৈতিক মহলের বড় কৌতূহল— তবে কি ফের কালো কোট পরে সুপ্রিম কোর্টের সওয়াল-জবাব পর্বে অংশ নেবেন মমতা? ঘনিষ্ঠ মহলে তিনি আগেই ইচ্ছেপ্রকাশ করেছিলেন, অনুমতি মিললে নিজেই সওয়াল করবেন। ৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি। ফলে সপ্তাহের শুরুতেই দিল্লির অলিন্দে ‘আইনজীবী’ মমতার প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে।
বিধানসভা ভোটের প্রাক্কালে ভোটার তালিকার নিবিড় সংশোধনের পদ্ধতি নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল। শাসক শিবিরের অভিযোগ, তড়িঘড়ি এই প্রক্রিয়ার আড়ালে বিজেপির ‘গূঢ় ষড়যন্ত্র’ রয়েছে। মুখ্যমন্ত্রী নিজে অন্তত ৬ বার চিঠি লিখেও কমিশনের থেকে কোনও উত্তর পাননি বলে দাবি নবান্নের। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা থাকলেও, তার আগেই মামলা ঠুকে দিয়ে দিল্লির দরবারে সংঘাতের সুর চড়িয়ে দিলেন মমতা।
ইতিমধ্যেই দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনদের দায়ের করা মামলার শুনানি চলছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত পিটিশন সেই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল। তৃণমূলের দাবি, তালিকায় যে ত্রুটি রয়েছে তা সংশোধন না করলে গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হবে।
সব মিলিয়ে, ভোটের আগে ভোটার তালিকা নিয়ে কমিশনের নিরপেক্ষতাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিলেন মমতা। আগামী মঙ্গলবার শীর্ষ আদালতে মমতার সওয়াল-জবাব সশরীরে দেখা যায় কি না, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
তথ্যসূত্র - সংবাদপ্রতিদিন ডিজিটাল#MamataBanerjee #SupremeCourt #ElectionCommission #WestBengalPolitics #LegalBattle #newzbangla

No comments