নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: মাসকাবারি খরচে এবার বড়সড় টান। সাধারণ মধ্যবিত্তের হেঁশেল কার্যত ‘আগুনে’ পুড়তে চলেছে। শুক্রবার মধ্যরাত থেকেই রাজ্যে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের (LPG) দাম। সাত দিনের ব্যবধানে ফের মহার্ঘ্য হলো…
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: মাসকাবারি খরচে এবার বড়সড় টান। সাধারণ মধ্যবিত্তের হেঁশেল কার্যত ‘আগুনে’ পুড়তে চলেছে। শুক্রবার মধ্যরাত থেকেই রাজ্যে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের (LPG) দাম। সাত দিনের ব্যবধানে ফের মহার্ঘ্য হলো বাণিজ্যিক সিলিন্ডারও। লোকসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে জ্বালানির এই মূল্যবৃদ্ধি আমজনতার কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করল।
দীর্ঘদিন ধরে হলদিয়া ও সংলগ্ন এলাকায় ঘরোয়া ব্যবহারের ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৮৫৫ টাকা। শুক্রবার রাত থেকে তা একলাফে ৬০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯১৫ টাকায়। শুধুমাত্র হলদিয়া নয়, কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও আগের দরের সঙ্গে অতিরিক্ত ৬০ টাকা যোগ করেই নয়া দাম কার্যকর করা হচ্ছে। ঘরোয়া সিলিন্ডারের পাশাপাশি ৫ কেজি ও ১০ কেজির ভর্তুকিযুক্ত রিফিলের দামও পাল্লা দিয়ে বেড়েছে।
গৃহস্থের পাশাপাশি মাথায় হাত ব্যবসায়ীদেরও। বাণিজ্যিক গ্যাসের দামের গ্রাফ যেন রকেটের গতিতে ছুটছে। চলতি মার্চ মাসেই এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। গত ফেব্রুয়ারি মাসে এর দাম ছিল ১৭৭৬ টাকা। মার্চের শুরুতে তা বেড়ে হয়েছিল ১৮০৭ টাকা। এবার সাত দিনের মাথায় ফের ১১৪.৫০টাকা দাম বেড়ে সেই সিলিন্ডার বিকোবে ১৯২১.৫০ টাকায়। এই দাম হলদিয়া ও সংলগ্ন এলাকার। কলকাতা বা অন্যত্র যা আরও কিছুটা বেশী।
এক নজরে নতুন দর (হলদিয়া ও সংলগ্ন এলাকার হিসেবে): ঘরোয়া ব্যবহারের গ্যাস:
- ১৪.২ কেজি সিলিন্ডার: ৯১৫.০০ টাকা
- ১০ কেজি কম্পোজিট: ৬৫৫.০০ টাকা
- ৫ কেজি (সাধারণ ও কম্পোজিট): ৩৪০.০০ টাকা
বাণিজ্যিক ও অন্যান্য গ্যাস:
- ১৯ কেজি সিলিন্ডার: ১৯২১.৫০ টাকা
- ১৯ কেজি (XtraTeJ): ১৯৪৪.০০ টাকা
- ৫ কেজি FTL (রিফিল): ৫০৮.৫০ টাকা
- ২ কেজি FTL (রিফিল): ২৩৯.৫০ টাকা
মূল্যবৃদ্ধির এই জাঁতাকলে সাধারণ মানুষের ক্ষোভ চরমে। চাল, ডাল, তেলের অস্বাভাবিক দামের পর রান্নার গ্যাসের এই ‘প্রহার’ সাধারণের পকেট কতটা সামাল দিতে পারবে, এখন সেটাই বড় প্রশ্ন।
#LPGPriceHike #GasPriceHike #CookingGas #IndaneGas #FuelPriceRise #LPGUpdate #GasPriceIncrease #CommonMan #Inflation #মূল্যবৃদ্ধি #রান্নারগ্যাস #গ্যাসেরদাম #newzbangla

No comments