নিজস্ব সংবাদদাতা, ঢাকা: দীর্ঘ চব্বিশ বছরের অপেক্ষার অবসান। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে পালাবদলের মহাকাব্য লিখে ফের ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফল সামনে আসছে, তা…
নিজস্ব সংবাদদাতা, ঢাকা: দীর্ঘ চব্বিশ বছরের অপেক্ষার অবসান। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে পালাবদলের মহাকাব্য লিখে ফের ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফল সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে স্রেফ জয় নয়, রীতিমতো ‘ঝড়’ তুলে দুই-তৃতীয়াংশ আসন দখল করতে চলেছে খালেদা জিয়ার দল। বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম 'প্রথম আলো''র প্রতিবেদনের দাবী অনুযায়ী, মাঠপর্যায়ের বেসরকারি হিসাব বলছে, ২৯৯টি আসনের মধ্যে ইতিমধ্যেই ২০৭টিতে জয় নিশ্চিত করেছে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা।
শেষবার বিএনপি পূর্ণ মেয়াদে সরকার গঠন করেছিল ২০০১ সালে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। দীর্ঘ নির্বাসন, আইনি লড়াই আর রাজনৈতিক টানাপোড়েন পেরিয়ে এই জয়কে বিএনপির কর্মী-সমর্থকেরা ‘গণতন্ত্রের পুনরুত্থান’ হিসেবেই দেখছেন।
দলের আগাম ঘোষণা মতোই দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুধু জয় নয়, তারেক নিজে ঢাকা-১৭ এবং বগুড়া-৬— এই দুই আসনেই বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লন্ডনের নির্বাসিত জীবন কাটিয়ে তারেকের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল।
আজ শুক্রবার বেলা পৌনে একটা পর্যন্ত পাওয়া ২৮৮টি আসনের বেসরকারি ফলাফলের চিত্রটি নিম্নরূপ:
| দল/জোট | প্রাপ্ত আসন |
| বিএনপি ও মিত্র জোট | ২০৭ |
| জামায়াতে ইসলামী ও মিত্র | ৭৩ |
| ইসলামী আন্দোলন বাংলাদেশ | ০১ |
| স্বতন্ত্র ও অন্যান্য | ০৭ |
গতকাল গভীর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, “জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সরকার গড়তে যাচ্ছে। প্রাপ্ত ভোটের হিসাব আমাদের সেই আত্মবিশ্বাসই দিচ্ছে।”
রাজনৈতিক মহলের মতে, জামায়াতে ইসলামীর ৭৩টি আসন পাওয়াও এবারের নির্বাচনে বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে বিএনপির এই ‘ম্যাজিক ফিগার’।
#বাংলাদেশনির্বাচন২০২৬ #বিএনপির_জয় #তারেক_রহমান #ক্ষমতায়_বিএনপি #বাংলাদেশের_রাজনীতি #ত্রয়োদশ_সংসদ_নির্বাচন #NewzBangla #ঢাকা_ডায়েরি #পড়শি_দেশ #দক্ষিণ_এশিয়া_রাজনীতি #পরিবর্তিত_বাংলাদেশ

No comments